‘টিভির দিকে তাকাতে পারিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা দিন আমি টেলিভিশনের দিকে তাকাতে পারিনি। টেলিভিশন খুললেই ওই দৃশ্য। আমি ওই দৃশ্য দেখতে পারি না।’কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রাজশাহীতে শিবিরের হামলায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের স্ত্রী রওশনারা বেগম (৪৮)।গতকাল সারা দিন সবগুলো টেলিভিশন চ্যানেলে ঘণ্টায় ঘণ্টায় ওই বীভৎস হামলার দৃশ্য দেখানো হয়। রওশনারা বলেন, ‘ভালো মানুষ সকালে অফিসের ফোন পেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গেল। হঠাৎ বেলা ১১টার দিকে একজন মহিলা ফোন করে এ খবর দেন। তখনো বুঝতে পারিনি তাঁকে এমন নির্দয়ভাবে মারা হয়েছে। মানুষ হয়ে মানুষকে এভাবে মারতে পারে ভাবতে পারিনি।’ জাহাঙ্গীর আলমের আদিনিবাস চাঁপাইনবাবগঞ্জে। তিন বছর আগে তাঁরা রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বাড়ি করেছেন। এখন এ বাড়িতেই থাকেন। তাঁদের দুই ছেলে। বড় ছেলে ফয়সাল সিদ্দিকী (২৫) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। আর ছোট ছেলে সনি (১৮) প্রতিবন্ধী। রওশনারা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বড় ছেলে ছুটে হাসপাতালে গেছে। ছোট ছেলেটা তো কিছুই বুঝতে পারে না। রাতে উনাকে ঢাকায় পাঠানোর সময় তাকে টেলিভিশনের কাছে বসিয়ে রেখে হাসপাতালে গিয়েছি। ফিরে এসে দেখি, সেভাইে বসে আছে। টেলিভিশন দেখছে, কিন্তু কিছুই তো বুজতে পারে না সে।’ নিজেকে সামলে নিয়ে রওশনারা বলেন, ‘আমি ওর টিভি দেখাও সহ্য করতে পারছি না।’ জাহাঙ্গীর আলমের ভাইয়ের মেয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী আজমিরা জাহান বলেন, ‘অনেকেই দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেই দৃশ্য পরিবারের লোকজন জানতে পারে না। কিন্তু চাচাকে মারার দৃশ্য দেখে চাচার চেয়ে আমরা কোনো অংশে কম কষ্ট পাইনি।’