‘টিলা কাটলে মাটি ফ্রি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিলা কাটলে মাটি ফ্রি!’—এ রকম প্রচার দিয়ে সিলেট নগরের শিবগঞ্জের খরাদিপাড়া এলাকার একটি টিলা প্রকাশ্যেই কাটা শুরু হয়েছে। মালিক প্রবাসে থাকলেও চার লাখ টাকায় ‘ঠিকাদারি’ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতা প্রায় দুই সপ্তাহ ধরে টিলা কাটা শুরু করেছেন। টিলা কাটা দ্রুত সম্পন্ন করতে মাটি ‘ফ্রি’ দেওয়ার ঘোষণায় অনেকে হুমড়ি খেয়ে পড়েছেন। মাটি পরিবহনকারী ট্রাকের যাতায়াতে বিড়ম্বনায় পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু টিলা। যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম চৌধুরী টিলা কেটে ভূমি সমান্তরাল করার কাজ দিয়েছেন আবদুস শহিদকে। এরই মধ্যে প্রায় ২০০ ট্রাক মাটি কেটে সরানো হয়েছে। আশপাশ এলাকার বাসিন্দারা জানান, বিনা টাকায় মাটি পাওয়ায় গত মঙ্গলবার ভোর থেকে আবাসিক এলাকায় ট্রাকের যাতায়াত বেড়ে গেছে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রাকে করে মাটি পরিবহন আবাসিক এলাকার জন্য আরেক বিড়ম্বনার সৃষ্টি করেছে।টিলার তত্ত্বাবধায়ক ঝন্টু বাবু টিলা কাটার ঠিকাদারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কে ঠিকাদারি পেয়েছেন, তা তিনি চেপে যান। মালিকপক্ষের হয়ে ঝন্টু দাবি করেন, পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েই টিলা কাটতে দেওয়া হয়েছে। প্রায় ১০ থেকে ১৫ শতক জায়গার ওপর টিলাটির এখন চূড়ার অংশ কাটা চলছে। ট্রাক মাটি নিতে এলে শ্রমিকেরা টিলা কাটা শুরু করেন। অন্য সময় আশপাশের বিভিন্ন ঘরে তাঁরা লুকিয়ে থাকেন। সরেজমিনে গতকাল গিয়ে দুজন নারী শ্রমিক ও একজন পুরুষ শ্রমিককে টিলা কাটা অংশে অবস্থান করতে দেখা গেছে। এ শ্রমিকেরাই জানিয়েছেন, তাঁদের আবদুস শহিদ এ কাজে নিয়োজিত করেছেন।মুঠোফোনে যোগাযোগ করলে আবদুস শহিদ টিলা কাটার কোনো ঠিকাদারি নেননি বলে দাবি করেন। তাহলে টিলা কাটায় নাম এল কীভাবে? এ প্রশ্নে শহিদ বলেন, ‘আমি বাড়ি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। কিছু মাটি আমার সাইটে নিয়েছিলাম। এখন আর মাটি নিচ্ছি না। এ জন্য কেউ হয়তো আমার নাম ব্যবহার করছে।’ চার লাখ টাকায় টিলা কেটে দেওয়ার ঠিকাদারি নিয়েছেন—এ প্রসঙ্গে শহিদ বলেন, ‘টিলা মালিক বিদেশ থাকেন। তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি। আমি কিছু মাটি নিয়েছিলাম ঝন্টুর কাছ থেকে। এখানে টাকার কোনো লেনদেন হয়নি।’ তবে টিলা কাটলে মাটি যে ‘ফ্রি’ পাওয়া যায়, এ বিষয়টি স্বীকার করেন আবদুস শহিদ।টিলা কাটতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি বা অনুমোদন দেওয়ার বিষয়টি ভিত্তিহীন জানিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘দ্রুত টিলা কাটতে নানা কৌশল অবলম্বন করায় ওই এলাকা থেকে আমার কাছে অভিযোগ এসেছে। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল সরেজমিন পরিদর্শন করে সত্যতা পেয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরকে প্রতিবেদন আকারে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’