'টু নো ইজ টু প্রিভেন্ট'-এর যাত্রা শুরু
মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতন করতে এগিয়ে এসেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও অ্যাপোলো হাসপাতাল ঢাকা। এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে ‘টু নো ইজ টু প্রিভেন্ট’ অর্থাত্ জানার মাধ্যমেই প্রতিরোধের বিষয়টিকে সামনে রেখে ক্যাম্পেইন শুরু করেছে।
আজ মঙ্গলবার দুপুরে ডেইলি স্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়। ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এবং অ্যাপোলো হাসপাতাল ঢাকার সিইও আর বাসিল চুক্তিতে সই করেন।
চুক্তিতে সই করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়েছে, ডেইলি স্টার-এর তৃতীয় পৃষ্ঠার এক-চতুর্থাংশ জায়গায় প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন ছাপা হবে। প্রাথমিক পর্যায়ে ছয় মাসের জন্য এ কার্যক্রম চলমান থাকবে। আর্টিকেল বা প্রতিবেদন বাছাইসহ অন্যান্য কাজ করবেন চুক্তিতে সই করা দুই সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে পাঠকদের জন্য এ ধরনের উদ্যোগকে ‘আই ওপেনিং ইনিশিয়েটিভস’ হিসেবে উল্লেখ করেন মাহফুজ আনাম। এতে মানুষের আচরণগত পরিবর্তন ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করলেও পেশাগত ক্ষেত্রে এ প্রতিষ্ঠানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান মাহফুজ আনাম। বাসিলও তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানকে ছাড় না দেওয়ার বিষয়টিতে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘অনেক রোগের ক্ষেত্রেই খুব ছোট ছোট পদক্ষেপ নিলেই সুস্থ থাকা যায়। ক্যানসার ভয়াবহ আকার ধারণ করছে। ৩০ থেকে ৪০ বছর বয়সীরা একদম চতুর্থ স্তরে এসে জানতে পারছেন, তাঁদের ক্যানসার হয়েছে। এ ক্ষেত্রে অনেক শিক্ষিত ব্যক্তিও রয়েছেন। এ ছাড়া অনেকেই ভাবেন, ক্যানসার অন্যদের হয়েছে, আমার তো হয়নি। কিন্তু নিজেরও হতে পারে, তা নিয়ে সচেতন হন না।’
বাসিল বলেন, বাংলাদেশে অনেক ভালো চিকিত্সক এবং চিকিত্সাপ্রতিষ্ঠান থাকার পরও অনেকে বিদেশে চিকিত্সার জন্য চলে যাচ্ছেন। এতে করে দেশের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।
অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালের মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শাগুফা আনোয়ার বক্তব্য দেন। অন্যদের মধ্যে ডেইলি স্টার-এর স্বাস্থ্য পাতার ইনচার্জ তারেক সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। তিনি এ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তদারকি করবেন।