'টুনি'র লাশ তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ
হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি নাটকে ‘টুনি’ চরিত্রে অভিনয় করা নায়ার সুলতানার লাশ কবর থেকে উঠিয়ে আবার ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
একজন জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ ওঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিন সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ। তিনি আদালতকে বলেন, আদালতে দেওয়া সুরতহাল প্রতিবেদন ও পুলিশি তদন্তকালে তোলা আলোকচিত্রের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের মিল নেই। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর লাশ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্ত করা প্রয়োজন।
গত ১৭ অক্টোবর রাতে গুলশানের ১২৬ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে নায়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আদালতে দাখিল করা ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, নায়ার আত্মহত্যা করেছেন।
নায়ারের মা রাজিয়া সুলতানা তাঁর লাশ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্তের আবেদন জানান। আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দিলেন।