'টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তনে সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: প্রথম আলো
সমাবর্তনে সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: প্রথম আলো

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষির ভূমিকাই মুখ্য। কৃষি খাতে দৃশ্যমান সাফল্যের পেছনে কৃষিবিদেরা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁরা গবেষণার মাধ্যমে পরিবেশ উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে নিজেদের নিয়োজিত রেখেছেন। দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সময়ে লবণসহিষ্ণু ও স্বল্পমেয়াদি ফসলের জাত উৎপাদনে গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৯১৯ জনকে স্নাতক, ২ হাজার ৮৫১ জনকে স্নাতকোত্তর এবং ৩৮ জন শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রির সনদ প্রদান করেন।

সমাবর্তনে যোগ দেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো
সমাবর্তনে যোগ দেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো

রাষ্ট্রপতি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কৃতিত্ব ও সাফল্যের বিভায় দীপ্ত তোমাদের এ অধ্যায়। সমগ্র জাতি তোমাদের নিয়ে গর্ব বোধ করে। নিজেদের তোমরা জ্ঞানে-দক্ষতায় সমৃদ্ধ করেছ। দেশ তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। দেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে তোমরা একযোগে কাজ করবে।’

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বেলা ১১টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর স্বাগত ভাষণ দেন। ছয়জন ডিন ও উচ্চশিক্ষা গবেষণা কমিটির সমন্বয়কের সুপারিশে ৪ হাজার ৮০৮ জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ডিগ্রি প্রদান করেন। পরে তিনি কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সনদ ও স্বর্ণপদক প্রদান করেন। এবার স্নাতক পর্যায়ে সাতজন ও স্নাতকোত্তর পর্যায়ে ৮৬ জন গ্র্যাজুয়েট স্বর্ণপদকের জন্য মনোনীত হন।

সমাবর্তন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এক কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন রাষ্ট্রপতি। ছবি: প্রথম আলো
এক কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন রাষ্ট্রপতি। ছবি: প্রথম আলো

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতেই তারুণ্য শক্তির সমাবেশ, পরিচর্যা, পরিশীলন ও বিকাশ ঘটে। এ ক্ষেত্রে দরকার হয় সুস্পষ্ট দর্শন, তরুণ হৃদয়ে একটি স্বপ্নের নকশি বুননের একাগ্রচিত্ত। সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের একটি অধ্যায়কে পেছনে ফেলে প্রবেশ করতে হয় বৃহত্তর কর্মজীবনে। সমাবর্তন একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সাধনা ও সিদ্ধির সাথে জাতির আশা-আকাঙ্ক্ষার মেলবন্ধন ঘটায়, তেমনি নিত্যনতুন সম্ভাবনাকে জাগ্রত ও চঞ্চল করে।

নবীন কৃষি গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় গুরুত্বসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয়ে কৃষির মতো ফলিতবিজ্ঞানের বিভিন্ন শাখায় দীর্ঘসময় শ্রমসাধ্য শিক্ষাজীবন সমাপ্ত করে কৃতী গ্র্যাজুয়েট হিসেবে সনদ গ্রহণ করলেন, এর অনুষঙ্গ হিসেবে এ প্রতিষ্ঠানের মর্যাদা পতাকা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। দক্ষতার কুশলী প্রয়োগ ঘটিয়ে কৃষি উন্নয়নকে বেগবান করে দেশে দারিদ্র্য নিরসনে অবদান রাখবেন—এটাই জাতির প্রত্যাশা।

বেলা দুইটার দিকে সমাবর্তন অনুষ্ঠান শেষে নবীন কৃষিবিদেরা গাউন ও সমাবর্তন টুপি পরে দল বেঁধে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিকেল চারটা থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গ্র্যাজুয়েটদের মূল সনদপত্র প্রদান করা হবে।