'টেকসই গণতন্ত্রের জন্য আইনের শাসন প্রয়োজন'
টেকসই গণতন্ত্রের জন্য আইনের শাসন, বিচার ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি খুবই বিপজ্জনকভাবে প্রবেশ করেছে। এ দেশে অনেক প্রতিষ্ঠান আছে, যার বেশির ভাগই দুর্বল। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নাগরিক সমাজের জোরালো ভূমিকাও জরুরি।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে গতকাল বুধবার ‘শান্তি, সুবিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬তম লক্ষ্য অর্জনে কী করণীয়, সে বিষয়ে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য শক্তিশালী প্রতিষ্ঠানের বিষয়ে বলেন, টেকসই উন্নয়নের ১৬তম লক্ষ্য হচ্ছে সমাজে শান্তিপূর্ণ টেকসই উন্নয়নের জন্য সবার বিচার পাওয়ার অধিকার এবং সমাজের সর্বস্তরে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের যদি একটা প্রতিষ্ঠানের প্রতি আস্থা না থাকে তো কীভাবে হবে? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদন নিয়ে বিতর্ক হতে পারে। দুদকের বার্ষিক রিপোর্টে কখনো জাতীয় সংসদে যায়নি এবং এটা নিয়ে আলোচনা হয়নি, যদিও তা আইনে আছে। আরেকটি ব্যাপার হচ্ছে, উপজেলাভিত্তিক জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যেতে হবে।’
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির আলোকে সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যেসব বিষয় বাধা দিচ্ছে, তা খুঁজে বের করার এটাই উপযুক্ত সময়। যখন প্রতিষ্ঠান কম কাজ করে, তখন ওই শূন্যস্থান পূরণে ব্যক্তির নিজের কাজ করা উচিত।
সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ভূমিকম্পের কারণে সেমিনারের দ্বিতীয় অংশ আইনের শাসনবিষয়ক অধিবেশন স্থগিত করা হয়।