'টেকসই' প্রকল্পে এলজিইডির জোড়াতালির সেতু!
প্রকল্পের নাম ‘টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’। অথচ সেই ‘টেকসই’ প্রকল্পের আওতায় ৬৫ বছরের পুরোনো সেতুর পিলারের ওপর জোড়াতালির সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জার্মান দাতা সংস্থা (কেএফডব্লিউ) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের ধাপারি খালের ওপর সেতুটির নির্মাণকাজ চলছে। ২৪ দশমিক ৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ১৩ হাজার ৩৮৭ টাকা।
এলজিইডির দামুড়হুদা কার্যালয় থেকে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর সেতুটির নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা হকপাড়ার মেসার্স এমএম এন্টারপ্রাইজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুক্তি অনুযায়ী চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।
ছুটিপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বছর খানেক আগে পুরোনো সেতুটির ওপর দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাক যাওয়ার সময় সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এলজিইডি সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নিলে মানুষ খুশি হয়। কিন্তু নতুন সেতু নির্মাণ না করে পুরোনো সেতুর পিলারের ওপর শুধু নতুন করে পাটাতন তৈরির কারণে সেতুটির স্থায়িত্ব নিয়ে অনেকেই সন্দিহান।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের ধাপারি খালের ওপর সেতু নির্মাণের কাজ চলছে। নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, প্রায় ৯০ শতাংশ কাজ তাঁরা শেষ করে ফেলেছেন। কিন্তু সেখানে নতুন সেতু নির্মাণের পরিবর্তে ৬৫ বছরের পুরোনো সেতুর পিলারের ওপর সেতু নির্মাণ করাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
ছুটিপুর গ্রামের বাসিন্দা আইনজীবী আশরাফুল আলম বলেন, তাঁর বাবা আকবর আলী বিশ্বাস ও চুয়াডাঙ্গার আবদুর রহিম মল্লিক ঠিকাদার হিসেবে ১৯৫১-৫২ সালের দিকে জেলা পরিষদের উদ্যোগে সেতুটি নির্মাণ করেন। তিনি বলেন, ‘আগে সেতুর ওপর দিয়ে গরু ও ঘোড়ার গাড়ি এবং মানুষ পারাপার হলেও কয়েক বছর ধরে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে। সে হিসেবে সেতুর পুরোনো পিলারের ওপর শুধু ঢালাই দেওয়াটা কতখানি যুক্তিযুক্ত, সেটাই প্রশ্ন।’
নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘দীর্ঘদিনের পুরোনো পিলারের ওপর সেতু নির্মাণের বিষয়ে আমি নিজেই আপত্তি তুলেছিলাম। কিন্তু এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন, পিলারগুলো পুরোনো হলেও ভালো আছে। তাই নতুন করে খরচ বাড়িয়ে লাভ নেই।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামসুজ্জোহা মালিক বলেন, চুক্তি ও নকশা অনুযায়ী নিয়ম মেনেই সেতু নির্মিত হচ্ছে।
এলজিইডির দামুড়হুদা উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নওশাদুজ্জামান বলেন, দাতা সংস্থা ও পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার পর পুরোনো পিলারগুলো ব্যবহারের উপযোগী বলে নিশ্চিত করেছেন। এরপর তাঁরা ওই পুরোনো পিলারের ওপরই সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। শুধু আর্থিক সাশ্রয় নয়, সেতুটি টেকসইও হবে।