‘টেকার অভাবে সেমাই কিনতে পারি নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাওরের মানুষদের ঈদ ভালো কাটেনি। চলতি মৌসুমে প্রতি মণ ধান ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য বছর এ সময়টাতে প্রতি মণ ধান ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হতো। তাই কৃষকদের হাতে টাকা নেই।’ এভাবেই বলছিলেন ঘুঙ্গিয়ারগাঁও বাজারের বাসিন্দা সরকারি চাকরিজীবী মো. রুবেল মিয়া। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০ জন মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন ও চলমান জীবনযাত্রা নিয়ে কথা হয়। তাঁদের প্রত্যেকেই সুনামগঞ্জের হাওর-অধ্যুষিত শাল্লা উপজেলার যোগাযোগ-বিড়ম্বিত বিভিন্ন গ্রামের বাসিন্দা। এঁরা পেশায় চাকরিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী ও মত্স্যজীবী। প্রত্যেকের অভিন্ন মন্তব্য, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। ফলে ঈদ উদ্যাপন বিগত বছরগুলোর চেয়ে অনেকটা ম্লান ও অনুজ্জ্বল হয়েছে।সুলতানপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৫৫) পেশায় কুলি। প্রতিদিন তাঁর আয় ১৫০ থেকে ২০০ টাকা। আট সদস্যের সংসারে প্রতিদিন তিন কেজি চাল কিনতে তাঁর ৭৫ টাকা খরচ হয়। বাকি টাকা দিয়ে তেল, মরিচ, সবজি থেকে শুরু করে নিত্য ব্যবহার্য অন্যান্য সামগ্রী কিনতে হয়। তিনি বলেন, ‘আর পাঁচ-দশটা দিনের মতনই ঈদের দিন কাটছে। কুনু তফাত নাই। ভাবছিলাম ঈদের সেমাই কিনমু, কিন্তু টেকার অভাবে তাও পারি নাই।’কান্দিগাঁও গ্রামের চল্লিশোর্ধ্ব কৃষক সোবহান মিয়া জানান, হাওরাঞ্চলে কৃষকদের একমাত্র বোরো ফসল ছাড়া আর কিছুই চাষবাস হয় না। তাই এই ফসলের ওপর নির্ভর করেই দিন চলতে হয়। যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, তাই কৃষকেরা বেকার সময় কাটাচ্ছেন। এ অবস্থায় ধানের দামের ওপর নির্ভর করেই ঈদ পালন করতে হচ্ছে। কিন্তু ধানের দাম কম থাকায় কৃষকেরা ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন।ভাটগাঁও গ্রামের কৃষক হোসেন আহমদ বলেন, ‘ধানের ঠিক দাম না থাকায় ধান বেচতাম পারছি না। বউ-বাচ্চার ঈদের কাপড়চোপড়ও কিইন্যা দিতে পারছি না। ঈদ খুব কষ্টে কাটছে। ধানের দাম কম, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম খুব বেশি।’ সুলতানপুর গ্রামের কৃষক আলী হোসেন বলেন, ‘কৃষিকাজ আমরার একমাত্র পেশা। কিন্তু ধানের ঠিক দাম না পাওয়ায় আমরা তাল মিলাইতে পারতাছি না। দুই মণ ধান বেইচ্যা এক দিনের সংসার খরচ চালাইতে হয়। এর মধ্যে ঈদ আবার পালন করমু কেমনে?’ঘুঙ্গিয়ারগাঁও বাজারের চা-বিক্রেতা শফিক মিয়া বলেন, ‘ভাবছিলাম ঈদের আগে-পরে কিছু বেশি বেচাকেনা অইব। কিন্তু মাইনষের হাতেও টেকা নাই। বেচাবিকি অইব কেমনে? বেচাবিকি কম অইছে, তাই কুনুমতে আমিও পরিবার লইয়া ঈদ করছি।’