‘টেন্ডার সিন্ডিকেট’ বাতিলের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে সিন্ডিকেট করে টেন্ডারবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে টেন্ডার সিন্ডিকেট বাতিল করে প্রকৃত ঠিকাদারদের কাজ পাওয়ার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান অভিযোগ করেন, নয়টি বৈধ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে গত ৩ মার্চ ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৮ কোটি টাকার চার গ্রুপের ও ৩৮ কোটি টাকার ছয় গ্রুপের কাজ পান শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর এবং তাঁর সহযোগী ঠিকাদার খন্দকার শাহীন আহম্মেদ। এতে সহযোগিতা করেন পাউবোর কিছু দুর্নীতিপরায়ণ ও অসত্ কর্মকর্তা। তিনি এসব কাজের কার্যাদেশ না দিয়ে আবার দরপত্র আহ্বান করার জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ অভিযোগ করেন, টেন্ডারবাজিতে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হলেও সিন্ডিকেট আওয়ামী লীগের কাউকে কাজ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে দলের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা, নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক সমীর বোস, সদস্য মনিরুজ্জামান, অমিতাভ বোস, আবদুর রহমান, শওকত আলী, আবু নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শহরের গোয়ালচামট এলাকার র্যাফেলস ইনের সামনে থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঠিকাদার খন্দকার শাহীন আহম্মেদ বলেন, ‘শ্রমমন্ত্রীর ভাই বাবরের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই।’ মোহতেশাম হোসেন বাবর বলেন, ‘আমি ঠিকাদার নই। টেন্ডার নিয়ে যদি দুই নম্বরি হয়, তার জবাব পাউবো দেবে। এ ক্ষেত্রে আমার বলার কী আছে? এক শ্রেণীর অসাধু লোক আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ অপপ্রচার চালাচ্ছে।’ ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ বলেন, ওই ১০ গ্রুপের টেন্ডার গ্রহণ করে ঢাকায় সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে মূল্যায়ন কমিটি মূল্যায়র করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাউবোর কর্মকর্তাদের অসাধুতার যে অভিযোগ আনা হয়েছে তা কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন।