‘টোকা’ দিয়ে টাকা!
শূন্য থেকে ৯৯ সংখ্যার ১০০টি ঘর। হাতে লেখা কাগুজে এই ১০০ ঘরের মধ্যে যেকোনো একটি ঘরে নগদ এক টাকা রাখলে ভাগ্যক্রমে মেলে ৭৫ টাকা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ধনকুবের শ্রেণীর মানুষের মধ্যে প্রচলিত ‘তীর’ নামের এই জুয়া খেলার প্রচলন ঘটেছে ভারত সীমান্ত পেরিয়ে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায়। গতকাল শনিবার ‘টোকা’ খেলায় সর্বস্ব হারানো দুই ব্যক্তিকে জৈন্তাপুর থানার পুলিশ আটক করেছে।ঈদ সামনে রেখে গত প্রায় এক সপ্তাহে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাট ও গ্রামে চলছে ‘টোকা’ খেলার নামে জুয়া। তরুণ থেকে প্রাপ্তবয়সী লোক বিভিন্ন মানুষ এ খেলার দিকে ঝুঁকছেন। ১০০টি ঘরের মধ্যে যেকোনো একটি ঘরে ‘টোকা’ দিয়ে চিহ্নিত করে রাখলেই এক টাকায় ৭৫ টাকা মেলে বলে নাম পড়েছে ‘টোকা’। এভাবে একনাগাড়ে ঘণ্টা পাঁচেকের খেলায় কেউ হচ্ছেন এক টাকা থেকে হাজার টাকার মালিক, আবার কেউ সর্বস্ব হারাচ্ছেন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত খেলা চলে অনেকটা লুডু খেলার মতো করে। যেখানে-সেখানে চলে এ খেলা। জৈন্তাপুর থানার সম্মুখ এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মুদি দোকানগুলোর সামনে ‘টোকা’ খেলা চলতে দেখা গেছে। যশপুর, কমলাবাড়ী, ফলবাগান গেইট, বাংলাবাজার, শ্রীপুর, চাঙ্গীল, আসামপাড়া, গুচ্ছগ্রাম, মাহুতহাটি, মাস্তিহাটি, ফেরিঘাট, সারিঘাট উত্তর ও দক্ষিণ পার, নয়াখেল ও দরবস্ত বাজার এলাকায় এ খেলায় ভারতীয় মারোয়াড়িদের প্রতিনিধিদের অংশ নিতে দেখা গেছে। ভারতীয় মারোয়াড়ি সম্প্রদায়ের লোকজন হচ্ছে তীর খেলার প্রচলনকারী। তাঁদের দেশীয় প্রতিনিধিদের অংশগ্রহণে ‘টোকা’ খেলা আরও জমজমাট হয় বলে একাধিক অংশগ্রহণকারীর বরাত দিয়ে এলাকাবাসী জানান। জানা গেছে, স্থানীয়ভাবে এ খেলাকে ‘টোকা’ বলে ডাকা হলেও বিভিন্ন মহলে বিশেষ ও বিভিন্ন নামও রয়েছে। ‘নাম্বার’, ‘বোটকা’, ‘ভাগ্য পরীক্ষা’ খেলা নামে নতুনদের আকৃষ্ট করা হয় বলে জানা গেছে। যেসব এলাকায় ওই খেলা হয়, সেসব এলাকার প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ‘তীর’ খেলার প্রচলন জৈন্তাপুরে ছড়িয়ে পড়েছিল। তখন পুলিশ প্রশাসন ভারতীয়দের অবৈধ উপস্থিতি ঠেকানো শুরু করলে খেলাটি বন্ধ হয়ে যায়। জৈন্তাপুর সদর বাজারের একজন ব্যবসায়ী জানান, তীর খেলা ভারতের সীমান্ত এলাকায় ‘মরণনেশা’র খেলা নামেও পরিচিত। এ নাম না নিয়ে ‘টোকা’সহ বিভিন্ন ছদ্মনামে শুরু হয়েছে খেলা। সপ্তাহে রোববার ছাড়া ছয় দিনের এ খেলায় কয়েক লাখ টাকার লেনদেন হয় বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।ভারতীয় ‘তীর’ খেলা থেকে ভিন্ন নামের এই জুয়া খেলা ছড়িয়ে পড়ার কথা জানিয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খেলার ধরন জানতে গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি বলেন, ‘জুয়া ও মদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করতে এ রকম খবর পাওয়া যাচ্ছে। এ খেলা বন্ধ করতে খেলার প্রচারকদের আটক করতে ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দিয়ে পুলিশের একাধিক দলকে সচেষ্ট রাখা হয়েছে।’