'ট্যাংক রক্ষণাবেক্ষণে ঘাটতি ও অব্যবস্থাপনাই দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানায় ট্যাংক বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আশপাশের এলাকার গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গতকাল সকালে কারখানা এলাকা থেকে পেঁপেগাছের এই ছবি তোলা l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানায় ট্যাংক বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আশপাশের এলাকার গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গতকাল সকালে কারখানা এলাকা থেকে পেঁপেগাছের এই ছবি তোলা l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানার অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও নিয়মিত ট্যাংক রক্ষণাবেক্ষণ না করাকেই দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামে তিনি এ কথা বলেন।
ঝুঁকি মোকাবিলায় শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আরও ফায়ার স্টেশন স্থাপন করা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল এক আলোচনা সভায় অংশ নেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
আলী আহাম্মেদ খান বলেন, তরল অ্যামোনিয়া ট্যাংকের ‘প্রেশার সেইফটি ভাল্ভ’ (গ্যাস নিঃসরণের ব্যবস্থা) কাজ করেনি। দুর্ঘটনার পর কারখানায় পানি ছিটানোর জন্য যে ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা ছিল, তাও কাজ করেনি। ফলে গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার সময় বাতাস কারখানা থেকে কর্ণফুলী নদীর দিকে (পশ্চিমমুখী) ছিল। তখন বাতাস জনবসতির দিকে থাকলে ক্ষতি আরও বেড়ে যেত।
গত সোমবার রাতে রাঙাদিয়া গ্রামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে যায়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৫৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১০ সদস্যের একটি কারিগরি তদন্ত কমিটি গঠন করে। এতে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধি রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনও তিন সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা প্রশাসনের প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান মেজবাহ উদ্দিন। তিনি বলেন, জেলা প্রশাসনের তদন্তে কারখানার ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া গেছে। এ জন্য কারা কারা দায়ী, তাও চিহ্নিত হয়েছে। কেউ দায়িত্বহীনতার পরিচয় না দিলে এত বড় দুর্ঘটনা হতো না। তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হবে। তিনি বলেন, অ্যামোনিয়া গ্যাস বা রাসায়নিক বিস্ফোরণ হলে দুর্ঘটনা সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না কারখানাটিতে।
কারখানায় চীনা প্রতিনিধিদল: দুর্ঘটনার পাঁচ দিন পর গতকাল সকাল সাড়ে আটটায় ডিএপি সার কারখানা পরিদর্শন করে নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের ‘কমপ্ল্যান্ট’ (চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড) প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ১২ জন সদস্য রয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।
কারখানার কর্মকর্তারা জানান, প্রতিনিধিদল সকালে কারখানায় এসে সরাসরি দুর্ঘটনাস্থলে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্যাংকটির ছবি তোলেন তাঁরা। ট্যাংকটির চারপাশে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে তাঁরা কারখানা ত্যাগ করেন।
এদিকে গতকাল রাতে মুঠোফোনে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন তাঁর কাছে জমা দেওয়া হয়েছে। তবে এই প্রতিবেদনের বিস্তারিত বলতে চাননি। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে কী পাওয়া গেছে, তা দু-এক দিনের মধ্যে শিল্পমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানাবেন।