'ট্যাকাও নিল না, ছেলেডারেও মারল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালক আনোয়ার হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিল অপহরণকারীরা। বিনিময়ে আনোয়ারের ১৩ বছরের ছেলেকে ফেরত দেওয়া হবে।আনোয়ারের সেই টাকা দেওয়ার সামর্থ্য নেই।শেষ পর্যন্ত ৪০ হাজার টাকা নিয়ে আনোয়ারকে মাওয়া ঘাটে যেতে বলা হয়। অনেক কষ্টে টাকা সংগ্রহ করে আনোয়ার ঘাটে গিয়েছিলেন।কিন্তু ছেলে পাননি।
অপহরণের ১২ দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ডেমরার কোনাপাড়া থেকে আনোয়ারের ছেলে স্কুলছাত্র মোহাম্মদ হাসানের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শাহজাহান ও বেলাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন মুঠোফোনে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার কাছে পাঁচ লাখ ট্যাকা চাইছিল।আমি বলছি, এত টাকা কোথায় পাব।পরে ৪০ হাজার টাকা নিয়া আমারে মাওয়া ঘাটে যাইতে কইছিল। আমি ট্যাকা নিয়া ঘাটে গেলেও হ্যারা (অপহরণকারীরা) আসে নাই। ট্যাকাও নিল না, ছেলেডারেও মারল।’
পুলিশ জানিয়েছে, ১০ জুলাই বিকেলে কোনাপাড়ার আল আমিন রোডের বাসার কাছ থেকে হাসান অপহৃত হয়। এরপর তার বাবা আনোয়ার হোসেনের মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তখন আনোয়ার হোসেন ডেমরা থানায় একটি অপহরণ মামলা করেন।এরপর তৎপর হয় পুলিশ।কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় গত সোমবার মামলাটির তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, সোমবার মামলার তদন্তভার পাওয়ার পর প্রযুক্তির সাহায্যে গতকাল সকালে শাহজাহান ও বেলালকে গ্রেপ্তার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদের পর বিকেলে তাঁরা জানান, তাঁদের চিনে ফেলায় তাঁরা শিশুটিকে মেরে ফেলেছেন। এর পরও তাঁরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করছিলেন। অপহরণকারী দুজনের বাসাও ডেমরার কোনাপাড়ায়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই অপহরণকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় বশির উদ্দিনের পরিত্যক্ত বাড়ির টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বস্তার ভেতর রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশটি ছিল। ধারণা করা হচ্ছে, অপহরণের পরই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।