‘হামার সোয়ামি কামাই করব্যার জন্যে চটটোগেরাম গেচিলো। কাম না পায়া ফিরি আসপ্যার ধরি মরি গেল। হামরা একন ক্যামন করি চলমো। তোমরা হামার সোয়ামিক আনি দ্যাও।’
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন তহমিনা বেগম। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টিনভর্তি ট্রাক উল্টে টিনের চাপায় মারা যান তহমিনার স্বামী আনোয়ার হোসেনসহ (৪৫) সাতজন। নিহত ব্যক্তিদের সবাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বাসিন্দা ও দিনমজুর। সাতজনের মধ্যে চারজন গয়েশপুর, দুজন কাচারি ও একজন উত্তর তেঘরা গ্রামের।
গয়েশপুর গ্রামের শফিকুল ইসলামের (৪০) ছিল স্ত্রী ও তিন ছেলে নিয়ে পাঁচজনের সংসার। তাঁর বড় ছেলে কাওসার মিয়া (২২) বলেন, গ্রামে কাজ না থাকলে তাঁর বাবা অন্য জেলায় কাজে যেতেন। সর্বশেষ গিয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে। বন্যার কারণে সেখানে কাজ না পেয়ে বাড়িতে ফিরছিলেন তিনি।
একই গ্রামের জাহিদুল ইসলামও (৪০) অভাবের সংসার চালাতে এ জেলায় ও জেলায় যেতেন। তাঁর স্ত্রী মনুজা বেগম আহাজারি করে বলছিলেন, ‘কামত যাবার সোমায় সোয়ামি বলি গেচিলো, বানের সোমায় কাম হয় কি না হয়, কয় দিন পরেই আসমো।’
কাচারি গ্রামের জাহিদুল মিয়ার (৫০) সংসার ছিল চার সদস্যের। তাঁর স্ত্রী মালেকা বেগম স্বামীর শোকে পাগলপ্রায়। জাহিদুলের বৃদ্ধ বাবা ওহাব মিয়া বলেন, ‘পেটের দায়ে রোজগারের জন্যে ছোলটে চটটোগেরাম গেচিলো।’
কিছুদিন আগে বিয়ে করেন একই গ্রামের শাহিন মিয়া (২০)। ছেলের মৃত্যুতে হতবাক ইউনুছ আলী। তিনি বলেন, ‘ছেলেটা ৬০০ টাকা নিয়ে কাজে যায়। বলে যায়, কাজ করে টাকা পাঠাব। টাকা তো দূরের কথা, ছেলেই পেলাম না।’
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত সবার লাশ এলাকায় পৌঁছায়নি বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জানান, লাশ দাফনের জন্য গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদের পক্ষে সাত পরিবারকে মোট ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।