বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে পারস্পরিক আস্থার অভাব। কিছু পেতে হলে কিছু দিতে হয়—দিল্লির মধ্যে এই মনোভাবের ঘাটতি রয়েছে। ভারতের মানসিকতা ইতিবাচক না থাকার বড় কারণ বাংলাদেশের ভেতরের অনৈক্য। তবে বাংলাদেশের বর্তমান সরকার দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক বৃদ্ধিতে কাজ করছে। গতকাল শনিবার চট্টগ্রামে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনারে মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ইরশাদ কামাল খান। বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ প্রমুখ।
সেমিনারে ‘রিজিওনাল কানেকটিভিটি: কারেন্ট চ্যালেঞ্জেস ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। ‘বাংলাদেশে মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আবুল বারাকাত।
সেমিনারের প্রথম অধিবেশনে মইনুল ইসলাম বলেন, ভারত সব সময় আঞ্চলিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানশিপমেন্ট ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার যে কথা হচ্ছে, তাতে ভারতের লাভ বেশি হবে। ভারতকে ট্রানশিপমেন্ট দেওয়ার সময় বাংলাদেশের যৌক্তিক লাভের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অবকাঠামোগত প্রস্তুতি ঠিকমতো হলে ট্রানশিপমেন্ট থেকে বাংলাদেশও লাভবান হবে। ভারতের দেওয়া ঋণের শর্ত মানা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত।
এর আগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, ‘গত কয়েক দিনে ওনার কথাবার্তা থেকে যা বুঝি, উনি ওনার মতো একটা উত্তর দিয়েছেন এবং ওইটা ওনার কনভেনিয়ান্স (সুবিধামতো বলা) অনুযায়ী। যখন যে উত্তরটা দিলে ভালো হয়, সুবিধা হয়, সেটা উনি দিয়েছেন।’
আবুল বারাকাত তাঁর প্রবন্ধে বলেন, মৌলবাদের অর্থনীতি ও জঙ্গিবাদ এ দেশে যত শক্তিশালীই হোক না কেন, ওই শক্তি ব্যবহার করে ধর্মের নামে রাষ্ট্রক্ষমতা দখল করা সম্ভব হবে না। তিনি বলেন, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিত্ব এখনই নির্মূল করা সম্ভব নয়। কারণ, যেসব জটিল ভিত্তির ওপর এটি দাঁড়িয়ে আছে, তা কয়েক দিনে ভেঙে ফেলা যাবে না। কয়েকটি কাজের মাধ্যমে ক্ষতি ও ঝুঁকি কমানো সম্ভব। যেমন জঙ্গি অর্থায়নের উৎসমুখ বন্ধ করা; জঙ্গিদের অর্থায়নের উৎস, অস্ত্রের উৎস সম্পর্কে সরকারের যা কিছু জানা আছে তা দ্রুত গণমাধ্যমে প্রকাশ করা; রাষ্ট্র ও সরকারের মধ্যে যারা জঙ্গিত্ব উসকে দিচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া; রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকার থেকে তাদের বহিষ্কার করা ইত্যাদি।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মুহাম্মদ সিকান্দার খান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।