ট্রাফিক আইন মেনে চলতে পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের সচেতন করতে নোয়াখালী শহরে অভিনব প্রচারণা চালিয়েছে ‘আমরাই নোয়াখালী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শহরের আটটি স্থানে সংগঠনের কর্মীরা সচেতনতামূলক প্রচারণা চালান। ‘একটি ট্রাফিক জ্যামহীন শহরের স্বপ্নে’ এটি ছিল প্রচারণার স্লোগান।
এর আগে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করাসহ পথচারীদের সচেতন করতে এগিয়ে আসায় তরুণদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরাই নোয়াখালী’র প্রধান সমন্বয়ক ওয়াজেদ মহান। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বেচ্ছাসেবী সংগঠনটির ১৪২ জন সদস্য (তরুণ-তরুণী) শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত টাউন হল মোড়, জামে মসজিদ মোড়, হাসপাতাল সড়কের মাথা, মাইজদী বাজার, পৌর বাজার, দত্তেরহাট, সোনাপুর জিরো পয়েন্টসহ আটটি স্থানে ভাগ হয়ে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তাঁরা যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তা করেন। এ ছাড়া তাঁরা যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে পরামর্শ দেন।
‘আমরাই নোয়াখালী’র সমন্বয়ক ওয়াজেদ মহান বলেন, তরুণসমাজকে ভালো কাজে সম্পৃক্ত করা গেলে দেশের অনেক সমস্যা দূর হবে। তরুণেরা যাতে নিজেদের ভালো কাজে যুক্ত করে এ জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।