‘ট্রেন ওঠামাত্র সেতুটি দোলে’
রংপুরের বদরগঞ্জ উপজেলার পাকার মাথা রেলওয়ে সেতুটির ওপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় দেড় শ মিটার দীর্ঘ এই সেতু থেকে বহু স্লিপার, নাট-বল্টু, ফিশ প্লেট ও বিয়ারিং প্লেট চুরি হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, রেলসেতুটির অনেক সংযোগস্থলে ফিশ প্লেটের নাট-বল্টু নেই। লাইন আটকানো স্লিপারের লোহার পেরেক খুলে নেওয়া হয়েছে। অনেক পেরেক কেটেও নেওয়া হয়েছে। প্রায় দেড় শ মিটার দীর্ঘ এ সেতু থেকে কমপক্ষে শতাধিক প্লেট, পেরেক ও নাট-বল্টু ইতিমধ্যে চুরি হয়ে গেছে। অনেক স্থানে কাঠের স্লিপার পচে নষ্ট হয়ে গেছে। নিরাপত্তার কথা ভেবে তৈরি করা সেতুর ট্রলি রিফিউজগুলোর লোহার রেলিংও কেটে নিয়ে গেছে চোরেরা।ভুক্তভোগীরা জানান, ট্রেন হঠাৎ এসে পড়লে সেতুতে থাকা ট্রলি রিফিউজগুলোয় অবস্থান নিয়ে পথচারীরা আত্মরক্ষা করে। তবে রেলসেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল একেবারেই নিষিদ্ধ। সেতুর পূর্ব পাশে দেওয়া বাঁধের নিচের রেলপাতগুলো কেটে নেওয়া হয়েছে। ট্রেন চলাচলের সময় যেকোনো মুহূর্তে ওই বাঁধ ধসে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।সেতুর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী শহিদুল হক (৪০) ও আঞ্জুয়ারা বেগম (৩৫) জানান, সেতুর নাট-বল্টু, স্লিপার ও পেরেক চুরি হয়ে গেছে। এ কারণে ট্রেন ওঠামাত্র সেতুটি দোলে। মনে হয় এই বুঝি ভেঙে পড়বে।বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় স্থানীয় যমুনেশ্বরী নদীর ওপর রেলসেতুটি ব্রিটিশ আমলে নির্মিত হয়। তদারকি ও সংস্কারের অভাবে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তার পরও প্রতিদিন ১০টি লোকাল ও একটি আন্তনগর ট্রেন এ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে রেললাইনের লোহার চাহিদা বেশি। এ লোহা দিয়ে মূল্যবান জিনিসপত্র তৈরি করা হয়। এ জন্য চোরেরা রেলের যন্ত্রপাতি চুরি করে ওজন দরে বিক্রি করে।বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মাজেদ বলেন, নাট-বল্টু, স্লিপার, পেরেকসহ লাইনের অন্যান্য যন্ত্রাংশ চুরি হওয়ার কারণে ওই রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই বলেন, ‘ওই সেতুর এমন সমস্যার বিষয়টি আমার জানা নেই। অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আসাদুল হক বলেন, ‘রেলসেতুর যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারেরও ব্যবস্থা নেওয়া হবে।’