'ট্রেন যায়ও না, আসেও না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিন দিন থাইক্যা স্টেশনে আছি। ট্রেন যায়ও না, আসেও না। কখন ট্রেন আইব তাও কেউ বলতে পারে না।’ কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা মো. নুরুন্নবী গতকাল সোমবার এভাবেই আক্ষেপ করে ভোগান্তির কথা বলছিলেন। কেবল নুরুন্নবী একা নন, অনেকেই পড়েছেন এমন ভোগান্তিতে। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে কোনো ট্রেন যেমন ছেড়ে যায়নি, তেমনি কোনো ট্রেন আসেওনি। ট্রেন বন্ধ কেন, কখন আসবে ট্রেন—এসব প্রশ্নের উত্তর মেলেনি রেল কর্মকর্তাদের কাছেও।
দিনমজুর নুরুন্নবী জানান, তিনি শনিবার দুপুর একটা থেকে কমলাপুরে জামালপুরের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন আসেনি। একটি প্রতিষ্ঠানে তিনি মাটি টানার কাজ করতেন। কাজের চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন। ঢাকায় তাঁর আত্মীয়ও নেই, তাই স্টেশনেই রাত কাটাচ্ছেন। নুরুন্নবী বলেন, ‘দুই রাইত থ্যাইক্যা ঠান্ডা আর মশার কামড় খাইতেছি, কিন্তু ট্রেন আসে না।’
গতকাল সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের ভিড় নেই। কাউন্টারগুলোর আশপাশে টিকিটপ্রত্যাশী বেশ কয়েকজন এলেও কাউন্টারের টিকিটবিক্রেতারা টিকিট বিক্রি করেননি। তাঁরা টিকিট বিক্রি না করার বিষয়ে কথাও বলতে চান না।
দুই বোন নুরুন্নাহার শিখা ও বিলকিস আক্তার গতকাল সকালে মুগদা থেকে স্টেশনে এসেছিলেন ময়মনসিংহের ট্রেনের খোঁজে। ট্রেন যাবে কি না, তা জানার জন্য তাঁরা দুবার তথ্যকেন্দ্রে গিয়েছিলেন। কয়েকবার টিকিট কাউন্টারেও গিয়েছিলেন। কেউ তাঁদের জানাতে পারেনি কখন ট্রেন আসবে। একই অভিযোগ করেছেন সিলেটের ব্যবসায়ী জয়নুল আবেদীন। তিনি সিলেটের ট্রেন কখন আসবে তা জানতে পারেননি।
একটি বেসরকারি হাসপাতালে কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা শামিমা নাসরিন। তিনি বাড়ি যাওয়ার জন্য ট্রেনের খোঁজে এসেছিলেন কমলাপুরে। তাঁর সঙ্গে ছিলেন বৃদ্ধ মা। তিনিও ট্রেন পাননি, আবার ট্রেন কখন আসবে তার উত্তরও পাননি।
ট্রেন কখন আসবে, এ বিষয়ে বক্তব্য নিতে গেলে কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর ও স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
গত রোববারও কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল তেমন ছিল না। কেবল দুটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। একটি ভৈরব-ময়মনসিংহ গন্তব্যের ঈশা খাঁ এবং আরেকটি কিশোরগঞ্জ গন্তব্যের কিশোরগঞ্জ এক্সপ্রেস।