‘ট্রেনের ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে’
এবারের রোজার ঈদের পর ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার চট্টগ্রাম রেল স্টেশন আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।এ সময় কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম স্টেশনের সব বুকিং সহকারী (টিকিট বিক্রেতা) ও প্রধান নিরাপত্তা পরিদর্শককে বদলির নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ আছে। ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী বাসের ভাড়া ট্রেনের ভাড়ার তিন গুণ। আগামী ঈদের পর সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুসারে রেলের ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।’ গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন। যাত্রীদের অভিযোগের পর রেলমন্ত্রী কাউন্টারে বুকিং সহকারীর দায়িত্বে থাকা সবাইকে পালাক্রমে দ্রুততম সময়ের মধ্যে অন্য স্টেশনে বদলি করতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে নির্দেশ দেন। পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মতো এত কালোবাজারি কোথাও নেই। নিরাপত্তা কর্মী, রেলওয়ের কিছু কর্মকর্তা, বুকিং সহকারী ও দালালদের একটি চক্র গড়ে উঠেছে। তারাই টিকিট কালোবাজারি করে।’ মন্ত্রী এলেই রাস্তা মেরামত হয়: ওবায়দুল কাদেরের চট্টগ্রাম সফরের বিষয়ে জানতে পেরে গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে অক্সিজেন-হাটহাজারী সড়কে তাৎক্ষণকিভাবে কিছু সংস্কারকাজ করা হয়।