মঙ্গলবার রাত সাড়ে আটটা। হাড়কাঁপানো কনকনে শীতের রাত। ঠান্ডা হিমেল হাওয়া, কুয়াশা আর শীতের তীব্রতার কারণে ঘরের বাইরে তেমন কেউ নেই। জয়পুরহাটের কালাই উপজেলার বানিহারা জেলেপাড়ায় দেখা গেল সুনসান নীরবতা। চিদাম মালী সবেমাত্র বাজার থেকে মাছ বিক্রি করে ফিরেছেন। খালি গায়েই দাঁড়িয়ে আছেন উনুনের পাড়ে। চিদাম মালীর স্ত্রী অঞ্জলী মালী উনুনে ভাত চড়াচ্ছিলেন। তাঁর পরনে পাতলা শাড়ি। উনুনের পাড়েই ছয় বছরের ছেলে সুকোমল উদম শরীরে ঘুমাচ্ছিল। শিশু সুকোমলের জোটেনি একটি কাঁথাও। শুধু খড়ের ওপর শুয়ে পড়া সুকোমলের শরীর ঢেকে দেওয়া হয়েছিল একটা ছেঁড়া-পুরোনো গামছায়। অঞ্জলী বললেন, ‘ঘরত তো এ্যাকটা ছিড়া খেতাও (কাঁথা) নাই। চুলায় খড়ের তাপ দিয়ে তাই ছওয়ালটাকে (ছেলে) ঘুম পাড়াবার চেষ্টা করিচ্চিলাম। সবেমাত্র ওর বাপ বাজার থ্যাকে ভাতের চাল লিয়ে ফিরিচে। ভাত ও শাক সিদ্ধ হব্যে; তারপর ছওয়ালটা উঠে ভাত খাবে।’ কলুপাড়ায় এসে খোঁজ নিয়ে জানা গেল, এ পাড়ার সবচেয়ে প্রবীণ তফিজ উদ্দিন শাহ কনকনে শীতের রাতে নিদারুণ কষ্ট পোহাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে বলেন, ‘খু-উ-ব শীত বাবা! ঠান্ডায় গাও (শরীর) কাটে বসোছে। ঘরত একটা কম্বলও নাই। রাতত খুব কষ্ট হওচে।’রোয়াইর দীঘিপাড়া বাঁধে আশ্রিত শতাধিক পরিবারে শীতের কষ্ট আরও বেদনাদায়ক। এ পাড়ার সবাই শ্রমজীবী। কেউ কৃষি মজুরি, কেউ ভ্যান চালিয়ে, কেউ চাতাল-মিলে থেকে জীবিকা নির্বাহ করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাগঞ্জ এলাকার লজিমন নেছা নামের একজন বলেন, দুই সীমানায় বসবাস করি। মেম্বার-চিয়ারমিন কেউ খোঁজ লেয় না। ঠান্ডার কামরত বুঝি মুই এই শীত কাটাবার পারমু না।’উপজেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুস্থদের মধ্যে বিতরণ করা ভিজিএফ, ভিজিডি, বিধবা বা বয়স্কভাতার কার্ডের হিসাব অনুযায়ী এ উপজেলায় দুস্থ মানুষের সংখ্য ৫০ হাজারেরও বেশি। অথচ সরকারিভাবে কম্বল বা শীতবস্ত্রের বরাদ্দ খুবই অপ্রতুল। বেসরকারি পর্যায়েও এবার শীতবস্ত্র বিতরণের মতো তত্পরতা নেই। অথচ গত বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম বলেন, ‘উপজেলায় শীতার্থ ও দুস্থদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে প্রায় ৪০০ কম্বল বরাদ্দ পাওয়া গিয়েছিল।’