সিলেটে সাংবাদিক ফাতেহ ওসমানী হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার সিলেট মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম ওই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে প্রধান দুই আসামির সঠিক কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিদের ঠিকানা খুঁজে না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা। অভিযোগপত্রে গ্রেপ্তার করা আসামি সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দাম ও সুমনকে ‘ঠিকানাবিহীন’ বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আরও চারজন হচ্ছেন নগরের আরামবাগ এলাকার স্বপন মিয়া, জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রামের মো. কাশেম আলী, টিলাগড় বটেরতল এলাকার বাবু মিয়ার কলোনির মো. ফয়সল আহমদ ও উত্তর বালুচর এলাকার মুশতাক আহমদ কলোনির শাহ আলম। এরা সবাই জেলহাজতে রয়েছেন।সাপ্তাহিক ২০০০-এর সিলেট প্রতিনিধি সাংবাদিক ফতেহ ওসমানী গত বছরের ১৮ এপ্রিল রাতে সিলেটের দলদলি চা-বাগান এলাকার শাহি ঈদগাহের কাছে ছুরিকাহত হন। ঢাকায় চিকিৎ সাধীন অবস্থায় ২৮ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ পর্যায়ক্রমে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার করা আসামিরা প্রকৃত খুনি কি না, তা নিয়ে ফাতেহর পরিবারের সদস্যরা সন্দিহান ছিলেন। এক বছরের বেশি সময় ধরে তদন্ত করেও দুই আসামির ঠিকানা বের করতে না পারা এবং অভিযোগপত্রে ঠিকানা উল্লেখ না করা সম্পর্কে তদন্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘বিচারকার্য সুষ্ঠু হওয়ার স্বার্থে এ বিষয়টি উল্লেখ করেছি। এটা পুলিশের ব্যর্থতা নয়।’ মামলার বাদী ফরহাদ মতিন বলেন, ‘আমরা এ অভিযোগপত্র দেখে বিস্মিত হয়েছি। ঠিকানাবিহীন কোনো লোক কেন একজন সাংবাদিককে খুন করবে? খুনের নির্দেশদাতাকে খুঁজে বের করতে না পারলে, সেটা কি তদন্ত হলো? আমরা আদালতে এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেব।’