'ঠিকানা' বিড়ম্বনায় সমন ও পরোয়ানা ফেরত যাচ্ছে
২০১১ সালের ১৩ অক্টোবর ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন থানায় মামলা করেন। বর্তমানে তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তারের আদালতে এর বিচার চলছে। বাদী আলাউদ্দিনকে হাজির হতে গত সেপ্টেম্বর মাসে পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু গত ৩ অক্টোবর বাকলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আবদুর রহিম চিঠি দিয়ে আদালতকে জানান, ওই ঠিকানা বাকলিয়া থানার আওতাধীন নয়। দেওয়ানবাজার এখন নতুন থানা চকবাজারের আওতাভুক্ত।
ঠিকানা ঠিক থাকলেও শুধু থানা পরিবর্তনের কারণে বিভিন্ন মামলায় বাদী, সাক্ষী ও আসামিদের বিরুদ্ধে আদালতের দেওয়া সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাচ্ছে পুলিশ। সরকারি কৌঁসুলিরা বলেন, সমন ও পরোয়ানা ফেরত না পাঠিয়ে সংশ্লিষ্ট থানায় পৌঁছে দিলে বাদী ও সাক্ষীরা ধার্য দিনে আদালতে হাজির হতে পারতেন। একই কথা আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য। চট্টগ্রাম মহানগর আদালতের শতাধিক মামলা দ্রুত মামলার নিষ্পত্তিতে এটি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে।
২০১৩ সালের মে মাসে চট্টগ্রাম নগরে নতুন চারটি থানা হয়। আগে ছিল ১২টি। নতুন চার থানা হলো পুরোনো কোতোয়ালি ও ডবলমুরিং থানার কিছু অংশ নিয়ে সদরঘাট থানা, কোতোয়ালি, বাকলিয়া ও পাঁচলাইশ থানার কিছু অংশ নিয়ে চকবাজার থানা, বন্দর ও পতেঙ্গা থানার কিছু অংশ নিয়ে ইপিজেড থানা এবং খুলশী ও পাহাড়তলী থানার কিছু অংশ নিয়ে আকবর শাহ থানা।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদনে থাকা সাক্ষী ও আসামিদের নাম-ঠিকানা অনুযায়ী আদালত প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অথচ থানার ঠিকানা পরিবর্তনের কারণে চট্টগ্রাম মহানগর আদালতে শতাধিক মামলার বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এ বিষয়টি নগর পুলিশ কমিশনারকে জানানো হবে, যাতে আদালতে ফেরত না দিয়ে সংশ্লিষ্ট থানায় সমন ও পরোয়ানাগুলো পুলিশ পাঠিয়ে দেয়।
আদালত সূত্র জানায়, নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার আমিনুল হক ২০১২ সালের আগস্টে চেক প্রত্যাখ্যানের অভিযোগে মামলা করেন। এ মামলায় তাঁকে হাজির হতে গত ২৬ আগস্ট তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ডবলমুরিং থানায় বাদীর ঠিকানায় সমন জারি করেন। কিন্তু ১ অক্টোবর ডবলমুরিং থানার পুলিশ জানায়, আমিনুলের ঠিকানা সদরঘাট থানার আওতায়। মামলাটি পরিচালনাকারী সরকারি কৌঁসুলি রাশেদুল আলম বলেন, ডবলমুরিং থানা-পুলিশ সমনটি ফেরত পাঠানোয় ধার্য দিনে শুনানি হয়নি।
সমন ও পরোয়ানা আদালতে ফেরত পাঠানোর বিষয়টি স্বীকার করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, নগরে নতুন চারটি থানা হওয়ায় পুরাতন কয়েকটি থানার সীমানা পরিবর্তন হয়েছে। থানার ঠিকানা না মেলায় আদালতে সমন ও পরোয়ানা ফেরত পাঠাচ্ছেন ওসিরা। তিনি বলেন, এখন থেকে তা সংশ্লিষ্ট থানায় পাঠানোর জন্য ওসিদের বলা হয়েছে।