‘ঠেলার নাম বাবাজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীর খেলাপি ঋণ পরিশোধ করছেন প্রার্থীরা। গত বৃহস্পতিবার এক দিনে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের ১০ লাখ টাকা আদায় হয়েছে। এ টাকার পুরোটাই পরিশোধ করেছেন প্রার্থীরা।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের সময় একজন প্রস্তাবকারী ও সমর্থনকারী প্রয়োজন। প্রস্তাবকারী-সমর্থনকারী ঋণখেলাপি হলে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়ার কথা। গত বৃহস্পতিবার কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ওই সময় ২০-২২ জন প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী ঋণখেলাপি বলে ব্যাংকের কর্মকর্তারা অবহিত করেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে প্রার্থীরা খেলাপি ঋণগুলো পরিশোধ করে দেন।উপজেলার রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার প্রায় ১০ লাখ টাকার খেলাপি ঋণ আদায় হয়। দীর্ঘদিন ধরে এগুলো আদায় হচ্ছিল না। এ জন্য অনেক নোটিশও দেওয়া হয়েছে। হঠাৎ ঋণগুলো পরিশোধ করে দেওয়ায় তাঁরা বিস্মিত।রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সফিউল আলম জানান, তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবকারী আবুল খায়েরের ২৭ হাজার টাকার ঋণ খেলাপি ছিল। বিষয়টি তিনি জানতেন না। এ অবস্থায় তাঁর মনোনয়ন বাতিল হওয়ার উপক্রম হয়। এ জন্য বাধ্য হয়ে তিনি ঋণ পরিশোধ করেছেন। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন বলেন, তাঁর সমর্থনকারীর ১৮ হাজার টাকা ঋণ খেলাপি ছিল, ব্যাংক থেকে ফোন করার পর তিনি তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রস্তাবকারী ও সমর্থনকারী জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক কারণে ঋণগুলো পরিশোধ করা যায়নি। ফাঁদে পড়ে কাউন্সিলর পদপ্রার্থীরা ঋণগুলো পরিশোধ করায় তাঁরা দায় থেকে মুক্তি পেয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার প্রথম আলোকে বলেন, প্রার্থীর প্রস্তাবকারী-সমর্থনকারীদের ১০ লাখ টাকা খেলাপি ঋণ পরিশোধের বিষয়টি তাঁরাও শুনেছেন। ঋণগুলো পরিশোধ করায় কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়নি।