‘ঠোঙা গ্রাম’-এর সচ্ছল নারীরা
পাবনা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কিসমত প্রতাপপুর গ্রাম। একসময় গ্রামের মানুষগুলো ছিল দরিদ্র। এখন গ্রামের অনেক বাড়ি পাকা। গাড়িও আছে কারও কারও। গ্রামটিতে দিনবদলের সূচনা করেছিলেন নারীরা। ১০০টি পরিবারের প্রায় সব নারীই ঠোঙা বানান। এই ঠোঙা বিক্রি করেই কিসমত প্রতাপপুরের নারীরা আজ স্বাবলম্বী হয়েছেন; পারিবারিকভাবে হয়েছেন সচ্ছল।ঠিক কবে থেকে এই গ্রামে ঠোঙা বানানোর কাজ শুরু হয়, তা বলতে পারেননি কেউ। তবে স্বাধীনতার যুদ্ধের পর গ্রামের কোবাদ প্রামাণিকের বাড়িতে ঠোঙা তৈরির কাজ হতো। সেখান থেকেই কাজটি রপ্ত করেন অন্যরা। কোবাদ প্রামাণিক বেঁচে নেই। শিল্পটি ধরে রেখেছে গ্রামবাসী।গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, সিমেন্টের পরিত্যক্ত থলে থেকে এই ঠোঙা তৈরি হয়। পুরুষেরা বিভিন্ন এলাকা থেকে এসব থলে জোগাড় করে আনেন। নারীরা থলেগুলো পরিষ্কার করে ও কেটে ঠোঙা তৈরির উপযুক্ত করেন। গম দিয়ে একজাতীয় আঠা তৈরি করা হয়। কাটা কাগজগুলো আঠা দিয়ে লাগালেই তৈরি হয় ঠোঙা। পরে তা রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করা হয়। পাবনার ঠোঙা বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়। পুরুষেরা ঠোঙাগুলো বাজারজাতকরণের কাজটি করেন।প্রতি কেজি ঠোঙা তৈরিতে কাঁচামাল ও শ্রমিক বাবদ ব্যয় হয় ছয় থেকে আট টাকা। বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা দরে। পরিবহন খরচ বাদে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা লাভ থাকে।গ্রামের লাবণী খাতুন জানান, তিনি ঠোঙা তৈরির জন্য সিমেন্টের থলে কাটার কাজ করেন শুধু। প্রতিটি থলে কেটে তিন টাকা করে পান। প্রতিদিন তিনি ৩০-৪০টি থলে কেটে রোজগার করেন ১০০-১২০ টাকা। ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, শুধু ঠোঙা তৈরির কাজ করে গ্রামের প্রতিটি পরিবার এখন স্বাবলম্বী হয়েছে। অনেকে পাকা বাড়ি ও গাড়ির মালিক পর্যন্ত হয়েছেন। গ্রামের বাসিন্দা ও পাবনা পৌরসভার কমিশনার কামাল জোয়াদ্দার প্রথম আলোকে বলেন, গ্রামটিতে ধনী-গরিবের কোনো ভেদাভেদ নেই। সবাই ঠোঙা তৈরি করে রোজগার করেন। কোনো পরিবারে অসচ্ছলতা নেই।