‘ড. ইউনূস সরকারের আক্রোশের শিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ অব্যাহত আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের প্রকাশিত এসব প্রতিক্রিয়ায় বলা হচ্ছে, ইউনূস সরকারের আক্রোশের শিকার হয়েছেন। গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি এক বিবৃতিতে বলেছে, ব্যাংকের ২৬ হাজার কর্মী, ৮৩ লাখ সদস্য, তাঁদের পরিবারবর্গ ও দেশবাসী ড. ইউনূসের সঙ্গে আছে। ইউনূসের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। ২৫০ শিক্ষকের বিবৃতি: অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এই অধ্যাপকের প্রতি যে অসম্মান ও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সরকারের এ আচরণ সম্পূর্ণ অন্যায় এবং ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাঁরা অবিলম্বে সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন তাজমেরী এস এ ইসলাম, আখতার হোসেন খান, মোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম, আবদুস সাত্তার, শামসুদ্দিন আহমদ, জাহিদুল ইসলাম, ছিদ্দিকুর রহমান নিজামী, তাহমিনা আখতার, সাঈদ-উর-রহমান, আবদুর রশিদ, জামাল উদ্দিন, আব্বাছ আলী খান, আবুল বাশার, বোরহান উদ্দীন খান, শাহিদা রফিক, এ কে এম সিরাজুল ইসলাম খান, এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ। চট্টগ্রামে কর্মসূচি: ড. ইউনূসের বিরুদ্ধে সরকারের নেতিবাচক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রামের পেশাজীবীরা এই ইস্যুতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন। চট্টগ্রাম নাগরিক আন্দোলন আয়োজিত ‘গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্রঋণ ও ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক এক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো আদৌ ঠিক নয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য মোহাম্মদ মাহবুব উল্লাহ বলেন, ‘ড. ইউনূসকে রক্তচোষা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু-কন্যার কাছে আমরা এ ধরনের উক্তি আশা করি না।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হায়াত হোসেন বলেন, অনেকে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ড. ইউনূসের সমালোচনা শুরু করেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীকসহ অনেক বিশিষ্টজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জিয়া পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (জাগপা সমর্থিত), সামাজিক শক্তি, মুক্ত রাজনৈতিক আন্দোলন প্রভৃতি সংগঠন ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছে।