'ড. মোজাফ্ফর বেঁচে থাকলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন'

বিশ্বের অন্যতম মেগাসিটি ঢাকায় সুশাসনের অভাব তীব্র৷ ট্রাফিকব্যবস্থা থেকে শুরু করে সড়ক ও ভবন নির্মাণ, নদী রক্ষা; এমনকি পার্ক কিংবা খেলার মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশাসনের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ সম্প্রতি ধানমন্ডি খেলার মাঠ নিয়ে যে ‘খেলা’ চলছে, তা নগর পরিচালনার বেদনাদায়ক দৃষ্টান্ত৷ এ ঘটনাটি রাজধানীতে একক কর্তৃত্বের অনুপস্থিতি, সমন্বয়ের অভাব ও স্বার্থান্বেষী মহলের আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ দেয়৷
গতকাল শনিবার অর্থনীতিবিদ ড. মোজাফ্ফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মারক বক্তৃতায় নগরবিদ নজরুল ইসলাম এসব কথা বলেছেন৷ অনুষ্ঠানে ড. মোজাফ্ফর আহমদের বন্ধু, কয়েকজন সহকর্মী ও এক মেয়ে বক্তব্য দেন৷
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতির দায়িত্ব পালন করেছিলেন কৃতী এই অর্থনীতিবিদ। এই তিনটি সংগঠনের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা বক্তব্য দেন৷ স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় মোজাফ্ফর আহমদ: সুপরিবেশ-সুচেতনা শীর্ষক একটি বই এবং একটি ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নেন তাঁর অনেক দিনের বন্ধু অধ্যাপক রেহমান সোবহান, রওনক জাহান, বদিউল আলম মজুমদার, বিচারপতি কাজী এবাদুল হক ও মেয়ে সোহেলা নাজনিন৷
সোহেলা নাজনিন বলেন, মোজাফ্ফর আহমদ পরিবারের মধ্যে যে চর্চা করতেন, সমাজ ও রাষ্ট্রের মধ্যেও সেই নৈতিকতা ছড়িয়ে দিতে চাইতেন। তিনি নিজে তেমন বৈষয়িক ছিলেন না৷ তবে দেশের জন্য দায়িত্বশীল ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ বলেন, ‘মোজাফ্ফর আহমদ বেঁচে থাকলে খুন-গুমের মতো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিতেন। এখন আমরা তাঁর মতো মানুষের অভাব বোধ করছি।’