'ডক্টর শহীদুল্লাহ বাঙালি সত্তার কথা বলেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ নিজে ধার্মিক ছিলেন, কিন্তু তিনি বলে গেছেন, বাঙালি সত্তার কথা। অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন।

গতকাল বৃহস্পতিবার শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৩১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ড. শহীদুল্লাহ জ্ঞানপীঠ এই অনুষ্ঠান আয়োজন করে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভাষাগত জাতীয়তাবাদের কথা বলেছেন। তিনি ধর্মীয় সত্তা থেকে জাতিগত সত্তাকে সব সময় আলাদা রেখেছেন। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছিলেন এবং শেষ পর্যন্ত এর জন্য অনড় থাকেন। যখন পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখার কথা বলে, তখনো যাঁরা প্রবলভাবে এর বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে তিনি একজন। তিনিই প্রথম দেখিয়েছিলেন, বাংলা বর্ণমালা বাংলা ভাষার বুলি প্রকাশের জন্য অনেক বেশি বৈজ্ঞানিক ও উপযুক্ত। তিনি বলেন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একদিকে শিক্ষক ও গবেষক হিসেবে ভূমিকা পালন করেছেন, অন্যদিকে সামাজিক ভূমিকা পালন করেছেন এবং তিনি কখনো আপস করেননি।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বাংলা ভাষা যদি কারও কাছে ঋণী থাকে, তবে তিনি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। সেই পাকিস্তান যুগে তিনি বলেছিলেন, আমরা ধর্মে হিন্দু ও মুসলমান হতে পারি কিন্তু আসলে বাঙালি। এই মানুষটি সম্পর্কে আমাদের জানা অনেক কম।’

বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরী বলেন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনুন্নত, পিছিয়ে থাকা, বিশেষ করে মুসলমান সমাজের বাতিঘর ছিলেন। আরও বক্তব্য দেন ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এম এ মুক্তাদীর, ড. শহীদুল্লাহ জ্ঞানপীঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চমন আরা জাকিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সঞ্জয় বিক্রম ও মৌমিতা চাকীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শহীদুল্লাহ পরিবারের দুজন সদস্য ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করায় নিশাত মজুমদারকে বিশেষ সম্মাননা জানানো হয়।