‘ডলোচুন’ ব্যবহারে দ্বিগুণ ফলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের মতো ফসলের খেতেরও গ্যাস্ট্রিক (অম্লত্ব) রোগ হয়। গ্যাস্ট্রিকের কারণে দিন দিন খেতের ফলন কমে যাচ্ছে। অথচ ‘ডলোচুন’ প্রয়োগ করে মাটির গ্যাস্ট্রিক দূর করতে পারলে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব। আলু, পেঁয়াজ ও অন্যান্য ফসলের ওপর মাঠপর্যায়ের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। ফলে এ ব্যাপারে চাষিদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বদরুজ্জামান ২৬ ফেব্রুয়ারি পীরগঞ্জের সেনুয়া দোগাছি গ্রামের কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আতাউর রহমান জানান, দিনাজপুর গম গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালনায় এবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ছয়টি, রানীশংকৈলে সাতটি, হরিপুরে তিনটি, বালিয়াডাঙ্গীতে সাতটি এবং সদর উপজেলায় সাতটি মিলে মোট ৩০টি প্রদর্শনী আলুখেত করা হয়। ডলোচুন প্রয়োগ করে প্রতিটি খেতেই আশাতীত ফলন পাওয়া গেছে।দিনাজপুর গম গবেষণা কেন্দ্র ও পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবস্থাপনায় ২৬ ফেব্রুয়ারি পীরগঞ্জের সেনুয়া দোগাছি গ্রামের চাষি আলতাফুর রহমানের ‘লাল পাকড়ি’ জাতের দেশি আলুর প্রদর্শনী প্লটের আলু তোলা উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দেখা গেছে, ডলোচুন প্রয়োগ করা এক শতক আলু খেতে ৯০ কেজি এবং ডলোচুন ব্যবহারবিহীন এক শতকে ৫০ কেজি আলু পাওয়া গেছে। লক্ষণীয় বিষয় হলো, ডলোচুন ব্যবহার করা প্লটের একটি আলু গাছে ৭১টি আলু ধরেছে আর ডলোচুন ব্যবহার না করা খেতের একটি গাছে আলু পাওয়া গেছে সর্বোচ্চ ৩৬টি। এ অনুষ্ঠানে ডলোচুন ব্যবহারের ওপর গবেষণারত গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, ‘বাংলাদেশে ২০ লাখ হেক্টর গাস্ট্রিক আক্রান্ত মাটি আছে। সঠিক পরিমাণ ডলোচুন প্রয়োগ করেই খেতের এই গ্যাস্ট্রিক সারিয়ে তোলা যায়। এর মাধ্যমে বছরে প্রতি হেক্টরে যদি দুই টন করেও ফলন বাড়ে, তাহলে দেশে বছরে ৪০ লাখ টন অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব।’ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় আলু ও পেঁয়াজের একাধিক প্রদর্শনী প্লটে ডলোচুন প্রয়োগ করে দেখা গেছে ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যান্য ফসলের বেলায়ও পাওয়া গেছে আশাতীত ফলন।