‘ডাকাতদের মূল টার্গেট প্রবাসীদের বাড়ি’
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটছে। গত দুই মাসে উপজেলায় প্রায় ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। আর এসব ডাকাতির অধিকাংশই প্রবাসীর বাড়িতে ঘটেছে। তবে পুলিশের দাবি, প্রবাসীদের সর্্বোচ্চ নিরাপত্তা প্রদানের চেষ্টা পুলিশ সার্বক্ষণিক করছে। প্রবাসীদের আত্মীয়স্বজনের অভিযোগ, ডাকতদের মূল টার্গেট প্রবাসীদের বাড়ি। সংঘবদ্ধভাবে সশস্ত্র ডাকাতদল বিভিন্ন গ্রামে প্রবাসীদের বাড়ি চিহ্নিত করে একের পর এক ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। এ অবস্থায় পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রবাসীদের বাড়ি আসার প্রবণতাও কমে যাচ্ছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত মুখোশ পরে অস্ত্রের ভয় দেখিয়ে পৌর শহরের দাড়িপাতন এলাকার লন্ডন-প্রবাসী তাজেল আহমদের বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতেরা সাড়ে পাঁচ লাখ টাকা, চারটি মুঠোফোন সেট, একটি ভিডিও ক্যামেরাসহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।তাজেল আহমদের পরিবারের লোকজন জানান, ২৮ ডিসেম্বর তাজেল আহমদের বিয়ের নির্ধারিত তারিখ ধার্য ছিল। বিয়ে উপলক্ষে তাজেল হবু বউয়ের জন্য স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী লন্ডন থেকে নিয়ে দেশে এসেছেন। দেশে নিজ বাড়িতে ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি ডাকাতদের কবলে পড়েন।এদিকে গত সোমবার রাতে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং শাহী ঈদগাহ্সংলগ্ন সৌদি আরব-প্রবাসী জয়নাল আবেদিনের বাড়িতে সাত-আট সদস্যের একটি ডাকাতদল হানা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা, স্বর্ণ, কাপড়-চোপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে স্থানীয় পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে রানাপিং এলাকার ডাকাতির ঘটনাটি ঘটেছে।গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, গত কয়েক মাসের ব্যবধানে খোদ পৌরসভার ভেতরেই একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তত রাতের বেলায় পুলিশের টহলব্যবস্থা আরও বাড়ানো উচিত। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক দুই মাসে দুজন প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে জানিয়ে বলেন, ‘সোমবার রাতে দাড়িপাতন এলাকার ডাকাতির ঘটনায় খুব দ্রুততার সঙ্গে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রবাসীদের বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশ সার্বক্ষণিক চেষ্টা করছে।’ তিনি জানান, প্রবাসীরা দেশে এসে স্থানীয় থানার পুলিশকে অবহিত করলে সে ক্ষেত্রে পুলিশ ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে পারবে।