'ডাকাতের' বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ঘন ঘন ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বিক্ষোভ করে এক চিহ্নিত ‘ডাকাতের’ বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের সেওতারচর গ্রামের ইলিয়াছ আলীর (৩৫) বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি। সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া জানান, গত এক মাসে উপজেলার চারজন যুক্তরাজ্যপ্রবাসীসহ কমপক্ষে ১০টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১ মার্চ আছাকাছর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিমিঞ্চ করে তিন লাখ টাকা, দুই হাজার পাউন্ড, ৩৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তিনি এর আগের দিন দেশে আসেন। এরপর আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এলাকার অনেকে জানান, প্রবাসী নজরুল ইসলামের বাড়ির ডাকাতির ঘটনায় ইলিয়াছ আলী জড়িত। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি (ইলিয়াছ) মানুষজনকে নানাভাবে হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল সকালে ইলিয়াছ আলীর বাড়িতে আক্রমণ করেন এলাকার কয়েক শ মানুষ। তাঁরা বাড়িঘর ভাঙচুর করে ঘরের টিন খুলে নেন। এরপর বিক্ষোভ করেন।

চরমহল্লা ইউপির সাবেক সদস্য আলী আহমদ ও আবদুল জলিল জানান, একের পর এক ডাকাতির ঘটনায় মানুষজন আতঙ্কে আছেন। বিশেষ করে, প্রবাসী পরিবারে এই আতঙ্ক বেশি।

পুলিশ জানিয়েছে, একের পর এক ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ এপ্রিল রাজু মিয়া (২৮) নামের এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৪ এপ্রিল রাতে তাঁকে নিয়ে সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে বের হলে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। এতে পুলিশের ১১ সদস্য আহত হন। এ সময় একটি পাইপগান ও চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ইলিয়াছ আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি ও রাজুর নেতৃত্বে সিলেট বিভাগে ২০-২৫ জন ডাকাতের একটি চক্র রয়েছে। এঁরাই ডাকাতি করে।