‘ডাকাত’ ভেবে পুলিশ ঘেরাও!
মুঠোফোনে এক ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে তা তদন্ত করতে হাসিমপুর গ্রামে যায় পুলিশের একটি দল। গ্রামের বাসিন্দারা অপরিচিত লোক দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। একপর্যায়ে তারা ওই টহল দলকে প্রায় আধা ঘণ্টা ঘেরাও করে রাখে। গ্রামবাসীকে প্রকৃত কারণ জানানোর পর পুলিশ রক্ষা পায়। গত শনিবার দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এই ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে হাসিমপুর গ্রামের মো. আলাউদ্দিনের সঙ্গে তাঁর সৎভাইদের বিরোধ চলছে। সম্প্রতি আলাউদ্দিন এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। বিরোধ মীমাংসার জন্য পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং সদস্যকে দায়িত্ব দেন। গত শনিবার গভীর রাতে আলাউদ্দিন থানার নির্ধারিত মুঠোফোনে কর্তব্যরত কর্মকর্তাকে জানান, সৎভাই সালাহ উদ্দিন ওরফে মামুনুর রশীদ তাঁকে মুঠোফোনে হুমকি-ধমকি দিচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে টহল পুলিশের একটি দল দিবাগত রাত তিনটার দিকে হাসিমপুর গ্রামে যায়। এ সময় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে ডাকাত ভেবে তাদের ঘেরাও করে।টহল দলে থাকা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র বণিক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আসলে সময়টা গভীর রাত হওয়ায় লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে অবশ্য তারা (গ্রামবাসী) বুঝতে পেরেছে। তিনি জানান, হুমকির অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এ ব্যাপারে আলাউদ্দিনকে শাসানো হয়েছে। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে আলাউদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।