ডাকাত–আতঙ্কে বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করেছিলেন স্থানীয় লোকজন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পাহারা দল বাঁশি বাজিয়ে ও মুঠোফোনে খবর ছড়িয়ে দেয় এলাকায় ‘ডাকাত’ ঢুকেছে। শত শত লোক ঘর ছেড়ে বেরিয়ে ঘিরে ফেলেন ‘ডাকাত’দের। গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।
এ সময় এলাকার লোকজন ও পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়েন আরও পাঁচ ‘ডাকাত’। তাঁরা হলেন রুবেল, আলাউদ্দিন, মনির হোসেন, রানা ও রুবেল। তাঁদের সবার বয়স ১৭-১৮ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এলজি, তিনটি কিরিচ ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে নগরের আকবর শাহ থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. রাসেল (৩০) ও মো. সাগর (২২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গতকাল বুধবার দুপুরে তিনজনের লাশের ময়নাতদন্ত হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত লাশ নিতে কেউ আসেননি বলে জানান মর্গের ডোম কদম আলী। তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় পুলিশ স্বজনদের খবর দিতে পারেনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন, মো. শহীদ ও মো. রোকন প্রথম আলোকে বলেন, এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ায় ১০-১২ দিন ধরে লোকজন রাত জেগে পাহারা দিয়ে আসছেন। পাহারা দলের সদস্যরা ডাকাতদের দেখতে পেয়ে বাঁশি বাজিয়ে এবং মুঠোফোনের মাধ্যমে এলাকায় খবরটি ছড়িয়ে দেন। এরপর চারদিক থেকে লোকজন বের হয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। শত শত লোকের পিটুনিতে তিন ডাকাত মারা যান। কয়েকজন ধরাও পড়েন। এ সময় পুলিশও ঘটনাস্থলে এসে হাজির হয়। পরে পুলিশ তিনজনের লাশ ও অস্ত্রসহ আটক পাঁচজনকে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আটক পাঁচজন নিহত তিনজনের মধ্যে দুজনের নাম বলতে পারলেও অপরজনের নাম বলতে পারেননি। তাঁদের ঠিকানাও জানেন না তাঁরা। ওই পাঁচজনকে নিয়ে নিহত সাগর ডাকাতি করতে যান বলে জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন।
আটক মনির ও রানা গতকাল সকালে আকবর শাহ থানা কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা কর্ণফুলী ঘাটে সাম্পান থেকে মাছ বোঝাইয়ের কাজ করেন। নিহত সাগর ও রাসেল তাঁদের পূর্বপরিচিত। তাঁরাও মাঝেমধ্যে মাছ বোঝাইয়ের কাজ করতেন। সাগর গত মঙ্গলবার রাতে তাঁদের পাঁচজনকে উত্তর কাট্টলীর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। সেখানে গিয়ে আরও সাত-আটজনকে দেখতে পান তাঁরা। সাগর তাঁদের সেখানে পাহারায় থাকতে বলেন। বেড়িবাঁধের পাশে একটি বাড়িতে ডাকাতি করবেন বলেও তাঁদের জানানো হয়। তাঁদের বলা হয়, লোকজন দেখলে সাগরদের বিষয়টি জানানো। এরপর তাঁরা পাঁচজন ছাড়া অন্যরা চলে যান। কিছুক্ষণ পর হঠাৎ বেশ কয়েকজন লোক তাঁদের দিকে টর্চলাইটের আলো ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই এলাকার লোকজন তাঁদের ঘিরে ফেলেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় আটক পাঁচজনকে এবং হত্যা মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তিনি বলেন, তিনজনের লাশ নিতে কেউ না এলে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।