'ডাক্তার দেখালাম, ওষুধও পাইলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সদর উপজেলার কাজীরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় গতকাল বন্যাকবলিত এলাকার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
সিলেট সদর উপজেলার কাজীরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় গতকাল বন্যাকবলিত এলাকার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের তাইজুদ্দিন মুন্সির ডাঙ্গি গ্রামের বাসিন্দা বৃদ্ধ রওশন আরা বেগম। হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গ্রাম থেকে চার কিলোমিটার দূরে শহরে যাবেন ডাক্তার দেখাতে, সে অবস্থা ছিল না তাঁর।

মেডিকেল টিম এসেছে, এ খবর শুনে তিনি দুই নাতির সাহায্যে ছুটে আসেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে আবেগে আপ্লুত রওশন আরার দুই চোখ বেয়ে নেমে আসে পানি। বারবার বলতে থাকেন, ‘তোমাগো আল্লাহ ভালো করবে। তোমাগো জন্যই আজ আমি বাড়ির পাশে এসে ডাক্তার দেখাতে পারলাম, সাথে ওষুধও পাইলাম।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার ব্যবস্থাপনায় বন্যাদুর্গত মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণকাজের পাশাপাশি গতকাল দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দেওয়া হয়। সুনামগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, রাজশাহী, সিলেট ও রাজবাড়ীতে মেডিকেল ক্যাম্প করে এই সেবা দেওয়া হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের গোলডাঙ্গির আদম খানের বাড়িতে গতকাল এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস নিজে রোগী দেখে এই কার্যক্রমের সূচনা করেন। এ ছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালের তিনজন চিকিৎসক এই চিকিৎসাসেবা দেন। তাঁরা হলেন মেডিকেল কর্মকর্তা আফিফা সুলতানা, সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) অমিত কুমার ঘোষ ও সহকারী সার্জন নুসরাত জাহান। চিকিৎসকদের সহায়তা করেন তিন শিক্ষানবিশ চিকিৎসক রিশাদ জাহান, মামুনুর রশীদ ও রাশেদুল ইসলাম।

এই উদ্যোগে ফরিদপুরের সিভিল সার্জন বেশ কিছু সরকারি ওষুধ দিয়ে সহায়তা করেন। উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি সাইয়েদা হোসেন, সাহিত্য সম্পাদক সুজীৎ কুমার দাস প্রমুখ।

সুনামগঞ্জ

সুনামগঞ্জে গতকাল বন্যার্ত ৪০০ মানুষ গতকাল বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এই আয়োজনে সহযোগী ছিল জেলা স্বাস্থ্য বিভাগ ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বেলা ১১টায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ। বিকেল চারটা পর্যন্ত পাঁচজন চিকিৎসক এলাকার ১৫টি গ্রামের চার শতাধিক বন্যার্ত মানুষকে নানা রোগের চিকিৎসাসেবা দেন। চিকিৎসকেরা হলেন সিভিল সার্জন আশুতোষ দাশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ননী ভূষণ তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনি রানী তালুকদার।

সেবা কার্যক্রমে সহযোগিতা করেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সুনামগঞ্জ জেলার আঞ্চলিক কর্মকর্তা জিয়াউর রহমান তালুকদার ও বালিজুরী ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন। উপস্থিত ছিলেন বন্ধুসভার রাজু আহমেদ, হায়দার আলী, প্রদীপ পাল প্রমুখ।

দিনাজপুর

দিনাজপুরে গতকাল ৮০০ বন্যার্ত মানুষকে স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। দিনাজপুর সদরের জমির উদ্দিন গার্লস হাইস্কুলে সকাল থেকে শুরু করে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. মির্জা শরিফুল ইসলাম, সার্জারি বিভাগের ডা. মো. রবিউল আউয়াল ও প্রসূতি বিভাগের ডা. বাঁধন কুমার দত্ত এ চিকিৎসাসেবা দেন। উপস্থিত ছিলেন বন্ধুসভার সুরভী বিশ্বাস, বিজয়, বিউটি, নাজমুল ও শরিফুল।

রাজশাহী

গতকাল শনিবার রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে বন্যাদুর্গত ও ভাঙনকবলিত এলাকার মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প গুটিয়ে নেওয়ার সময় আম্বিয়া বেগম (৫৫) নামের একজন রোগী আসেন। শেষ সময়ে এসেও চিকিৎসা পেয়ে খুশি হয়ে তিনি জানতে চান, ‘আবার কবে আসবেন?’

মেডিকেল ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক মিথুন মাহাবুব খান, অসীম কুমার, হাসান আল খুরশীদ, ইন্দ্রাশীষ সান্যাল, উদয়ন ডেন্টাল কলেজের চিকিৎসক মুজতবা রাফিদ হাসান ও আমানুল্লাহ বিন আখতার রোগীদের চিকিৎসা দেন। তাঁরা সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রায় ৩০০ রোগী দেখেন।

সহযোগিতা করেন চকরাজাপুর ইউপির চেয়ারম্যান আজিজুল আলম, চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার এবং সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এই ক্যাম্পে রাজশাহী থেকে চিকিৎসকদের সঙ্গে গিয়েছিলেন রাজশাহী বন্ধুসভার সভাপতি মিঠন আলী সরদার ও সুলতানা ইশরাত জাহান।

সিলেট

সিলেট সদর উপজেলার প্রত্যন্ত চারটি গ্রাম লালার গাঁও, শাহজালাল বাজার, কাজিরগাঁও, নন্দীরগাঁওয়ের পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কাজীরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় মেডিকেল ক্যাম্প করে এই সেবা দেওয়া হয়।

কমরুন নেছা। বয়স ৫০। মুখে ঘা তাঁর। তাঁকে তাৎক্ষণিক ওষুধ খাওয়ানো হলো। হাতে তুলে দেওয়া হলো প্রায় এক সপ্তাহের ওষুধ। চিকিৎসকেরা জানালেন, দু-এক দিনের মধ্যে মুখে ঘা সেরে যাবে। যারপরনাই খুশি কমরুন বলেন, ‘দোয়া করি বাবারা, তোমরার উপরে আল্লাহর রহমত পড়ুক!’

মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মেডিসিন চিকিৎসক তায়েফ আহমদ চৌধুরী ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ও রেজিস্ট্রার সাইফুল আলম ভুইয়া। দুই চিকিৎসককে সহায়তা করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী নাজমিন আক্তার।

চিকিৎসা কার্যক্রম শুরুর আগে সচেতনতামূলক সভা হয়। এতে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী, সিলেট বারের সহকারী সরকারি কৌঁসুলি নূরে আলম সিরাজী, মোগলগাঁও ইউপির চেয়ারম্যান হিরন মিয়া ও চিকিৎসক তায়েফ আহমদ চৌধুরী।

রাজবাড়ী

রাজবাড়ীতে গতকাল শনিবার মেডিকেল ক্যাম্প করে চিকৎসাসেবা দেওয়া হয়।

বরাট আকিরন নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এ ক্যাম্পে সাড়ে তিন শ মানুষকে পরামর্শপত্র ও ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে সেবাদানকারী চিকিৎসকেরা হলেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা মির্জা মো. আসিফ আকবর, রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুশীল কুমার রায়, ফরিদপুর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল সাঈফ, ফরিদপুর মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক অশোক কুমার মোদক।

এ সময় বন্ধুসভার বন্ধু সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, কার্ত্তিক কুমার দাস, শুভ চন্দ্র সিংহ, পিয়াল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

কাজী আনিসুর রহমান ২৫ হাজার, ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম ১০ হাজার, মিসেস সেলিনা আক্তার ১০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ১০ হাজার, ইশতিয়াক ৫ হাজার এবং অ্যাডভোকেট নুরুন্নাহার ৩ হাজার টাকা।

lগতকালমোটজমা

৬৩,০০০ টাকা

এ পর্যন্ত মোট জমা

৩৯,৩৯,১১৫ টাকা

l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত বিতরণ ৩৫,৪২,২১৬ টাকার ত্রাণ।

তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।