'ডাক্তার ভাই'য়ের চিরবিদায়ে শত শত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড্রিক বেকার
এড্রিক বেকার

প্রিয় ‘ডাক্তার ভাইকে’ শেষবিদায় জানাতে ছুটে আসে শত শত মানুষ। জীবনের দীর্ঘ সময় যাদের সেবায় ব্রত ছিলেন, তাদের ভালোবাসায় টাঙ্গাইলের মধুপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ডা. এড্রিক বেকার (৭৪)।
গত মঙ্গলবার দুপুরে ডা. বেকার বার্ধক্যজনিত রোগে তাঁর নিজ প্রতিষ্ঠিত কাইলাকুড়ি স্বাস্থ্যকেন্দ্রে শেষনিশ্বাস ত্যাগ করেন।
আজীবন গরিবের সেবায় ব্রত এই মানবসেবীকে বিদায় জানাতে ঢাকা থেকে ছুটে যান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
তাঁর ইচ্ছে অনুযায়ী গতকাল বুধবার তাঁকে সেখানেই সমাহিত করা হয় কাইলাকুড়ি স্বাস্থ্যকেন্দ্রে।
প্রিয় ডাক্তার ভাইকে বিদায় জানাতে শত শত মানুষ ভিড় করে স্বাস্থ্যকেন্দ্রে। সকালে ফাদার অ্যাপোলো রোজারিও সিএসসি এবং ফাদার ডোনেল ক্রুশ সিএসসির পৌরোহিত্যে খ্রিষ্ট জাগ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শেষবিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদির আজিজ প্রমুখ।
১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন এড্রিক বেকার। তিনি বাংলাদেশে আসেন ১৯৭৯ সালে। তাঁর ভালোবাসা ছিল দরিদ্র মানুষের প্রতি। আর তাই নিজ দেশ ছেড়ে দীর্ঘ ৩২ বছর ধরে তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রত্যন্ত এলাকা কাইলাকুড়ি গ্রামে দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে গেছেন।