পাশাপাশি দুটি বেডে (শয্যা) শোয়া বাবা আর ছেলে। দুজনের পা থেকে মাথা অবধি সারা শরীর ব্যান্ডেজে মোড়া। সর্বাঙ্গ আগুনে পোড়া। যন্ত্রণায় ছটফট করছেন সারাক্ষণ। মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের হচ্ছে শুধু। যন্ত্রণায় কাতর এ দুজন হলেন মো. আবদুল আমিন (৫০) ও তাঁর ছেলে মো. আবদুর রহিম (২৫)।
গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরের বেবি সুপার মার্কেটের সামনে সিএনজিচালিত চলন্ত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হন দুজন। স্বামী ও সন্তানের দগ্ধ হওয়ার খবর শুনে রাতেই কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম আসেন ছফুরা বেগম। পুড়ে যাওয়া স্বজনদের যন্ত্রণাক্লিষ্ট চেহারা দেখে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সামনে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভালো মানুষ সকালে বাড়ি থেকে ডাক্তার দেখাতে ছেলের কাছে আসে। রাতে এসে দেখি দুজনেরই এই অবস্থা। আমি সহ্য করতে পারতেছি না এমন দৃশ্য!’
আবদুল আমিনের বাড়ি কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকায়। শুক্রবার টেকনাফ থেকে ডাক্তার দেখাতে চট্টগ্রামে আসেন তিনি। তাঁর ছেলে রহিম আনসার বাহিনীর সদস্য। পটিয়ার একটি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন রহিম। আবদুল আমিন পটিয়া থেকে ছেলেকে নিয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহরে আসেন।
শনিবার দুপুরে হাসপাতালে আমিনের ভাই নূর হাফেজ বলেন, ‘আমার ভাই নানা রোগে ভুগছেন। ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় এ ঘটনা ঘটে। ডাক্তার আমাদের কিছুই বলছেন না। শুধু বলছেন অবস্থা ভালো না।’
দুই স্বজনের শুশ্রূষায় ব্যস্ত ছিলেন আবদুর রহিমের মামাতো বোন ফাতেমা আক্তারও। কখনো পানি এগিয়ে দিচ্ছেন, কখনো বা ওষুধ। তিনি বলেন, ‘তাঁদের যন্ত্রণা আর দেখতে পারছি না। আমার ফুফু (ছফুরা) কাঁদতে কাঁদতে শেষ। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, দুজনের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। এমন রোগীদের বাঁচানো প্রায় অসম্ভব।
শুক্রবার বিকেলের ওই বিস্ফোরণে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। গতকাল তাঁর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. বজলু (৪৫)।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুল মোতালেব বলেন, চালকের স্ত্রী এসে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ নিয়ে গেছেন। তাঁদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি এলাকায়। এই ঘটনায় কোনো মামলা হয়নি।