‘ডাক্তারে কাগজ আতে দরাইয়া কইছে, বাইরদা ওষুধ কিন্নেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক লাখ লোকের বাস। একসময় উপজেলার মানুষ চিকিৎসার জন্য ছুটে যেতেন জেলা শহর পিরোজপুর। কিন্তু ২০০৮ সালে এখানে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলেও রয়েছে চিকিৎসকসহ ওষুধ-সংকট। পাশাপাশি চালু হয়নি কমপ্লেক্সের আন্তবিভাগ। তাই দুর্ভোগ কমেনি উপজেলাবাসীর। সরেজমিনে জিয়ানগরে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসক, তৃতীয় শ্রেণীর কর্মচারী ৪৫, চতুর্থ শ্রেণীর কর্মচারী ১৫ জন থাকার কথা, কিন্তু আছেন চিকিৎসকদের মধ্যে দুজন। গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা হলে কথা হয় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের রুহুল আমীন (৭৫), দক্ষিণ ইন্দুরকানী গ্রামের সুফিয়া বেগম (৬০), পত্তাশী গ্রামের সুশীলকুমার ঠাকুরসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা সবাই চিকিৎসকদের কাছে পরামর্শ নিতে এসেছেন। সুফিয়া বেগম বলেন, ‘ডাক্তারে কাগজ আতে দরাইয়া কইছে, বাইরদা ওষুধ কিন্নেন।’ জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন বহির্বিভাগে এক থেকে দেড় শ রোগী আসেন। এখানে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও এর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট সার্জারি, জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, জুনিয়র কনসালট্যান্ট গাইনি অ্যান্ড অবস, জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (দুজন) ও ডেন্টাল সার্জন নেই।জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের রোগব্যাধি হলে ভরসা ছিল গ্রাম্য চিকিৎসক, না হলে নদী পার হয়ে ২০ কিলোমিটার দূরের পিরোজপুর জেলা সদরের হাসপাতাল। জিয়ানগরে স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ার পর আশা ছিল, আর ভোগান্তি সহ্য করে চিকিৎসা করাতে পিরোজপুর যেতে হবে না। কিন্তু চিকিৎসক-সংকট ও ওষুধ না থাকায় ভোগান্তি থেকেই গেল।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ও একজন মেডিকেল অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিদিন যে রোগী আসে তার চাপ সামলানো কঠিন।