‘ডাবল শূন্য’ পাওয়া শিক্ষার্থীকেও ভর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। শুধু ফেল করা শিক্ষার্থীই নন, ভর্তি পরীক্ষায় ‘ডাবল শূন্য’ পাওয়া শিক্ষার্থীকে ভর্তি করিয়ে অনিয়মের নতুন রেকর্ড সৃষ্টি করা হয়েছে।গত মাসের শেষ দিকে অনিয়ম তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির তদন্তে এসব অনিয়ম ধরা পড়ে। যাতে প্রবেশপত্র জালিয়াতির মাধ্যমে এগিয়ে থাকা হিন্দু শিক্ষার্থীর মেধাক্রম ঠিক রেখে সেখানে ভর্তি করা হয়েছে পিছিয়ে থাকা মুসলমান শিক্ষার্থীকে এবং মুসলমান শিক্ষার্থীর মেধাক্রম ঠিক রেখে সেখানে হিন্দু শিক্ষার্থী ভর্তি করার তথ্যপ্রমাণও পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধভাবে ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের ২৮ শিক্ষার্থীর ভর্তি ও দুই শিক্ষার্থীর মাইগ্রেশন বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত সহকারী রেজিস্ট্রার আবদুর রহিম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে।সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে যে ২৮ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলের সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন ফেল করা শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে প্রবেশপত্র জালিয়াতির (পরিবর্তনের) মাধ্যমে। পাশাপাশি ১৩ জনকে ভর্তি করা হয়েছে একই কায়দায় দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা পরিবর্তন করে। এ ছাড়া একজনের বিষয়ে সংশ্লিষ্ট শাখা কমিটিকে কোনো কাগজপত্রই দেখাতে পারেনি।জানা গেছে, তদন্তকাজে কমিটির পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রত্যেককে এবং তাঁদের অভিভাবকদের ফোন করে আসতে বলা হয়। কিন্তু তাঁদের কেউই কমিটির সামনে হাজির হননি। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগের শ্রেণীকক্ষ থেকে বিভাগীয় প্রধানের মাধ্যমে তিনজন শিক্ষার্থীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা অবৈধভাবে ভর্তি হওয়ার কথা অস্বীকার করেন। অন্যদিকে তদন্তে শাখা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ভর্তি-প্রক্রিয়ার অনিয়মের সঙ্গে শিক্ষা, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও হিসাব শাখার পাঁচ কর্মকর্তার নাম বেরিয়ে আসে। তবে তাঁরা প্রত্যেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছেন বলে দাবি করেন। এ ক্ষেত্রে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে, এ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে।শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, বর্তমান উপাচার্যের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ তদন্ত হয়েছে কয়েক মাস আগে। এখন আবার ভর্তিতে অনিয়ম ধরা পড়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য অশনিসংকেত। উপাচার্যের পদত্যাগ করাই এখন বিশ্ববিদ্যালয়টির জন্য মঙ্গলজনক হবে। বর্তমান উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পর এবার যোগ হলো ভর্তি-বাণিজ্যের অভিযোগ; যা গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হলো।তবে প্রথম আলোর সঙ্গে গত বৃহস্পতিবার মুঠোফোনে আলাপকালে কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী।