জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী লুৎফর রহমান। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ডালিম হোটেলে বন্দী থাকাকালে নির্যাতিত হওয়ার বিবরণ দিয়ে বলেন, ডালিম হোটেলে নেতৃত্বে ছিলেন মীর কাসেম।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লুৎফর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামির কাঠগড়ায় মীর কাসেম হাজির ছিলেন।
জবানবন্দিতে লুৎফর রহমান (৬৫) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের বাকলিয়া থানায়। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। একাত্তরের ১৯ নভেম্বর বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম শহরে মুক্তিবাহিনীর অবস্থান সম্পর্কে জানতে পেরে আলবদর ও আলশামস বাহিনী এবং পাকিস্তানি সেনারা চারদিক থেকে বাকলিয়া এলাকা ঘিরে ফেলে। পরে তাঁকে আটক করে ডালিম হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মীর কাসেম আলীকে দেখেন। ডালিম হোটেলে আরও অনেকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় আটক ছিলেন। মীর কাসেমের নির্দেশে আলবদর সদস্যরা বিদ্যুতের তার দিয়ে তাঁকে সারা রাত ধরে পেটায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি সাত-আট দিন ডালিম হোটেলে বন্দী ছিলেন। ওই সময় প্রতিদিনই তাঁকে নির্যাতন করা হয়েছে। মীর কাসেম ছিলেন ডালিম হোটেলে নেতৃত্বে। একদিন পাকিস্তানি সেনারা তাঁকে সার্কিট হাউসে নিয়ে যায়। সেখানে একটি ঘরে তিনি ৪০০-৫০০ লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে সার্কিট হাউসের আরেকটি ঘরে নিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জবানবন্দির এ পর্যায়ে লুৎফর রহমান অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, ‘ডালিম হোটেলে আমার ওপর অমানুষিক নির্যাতন ও সার্কিট হাউসে নির্যাতনের কারণে আমি পুরুষত্বহীন হয়ে পড়েছি। আমার সন্তান উৎপাদনের ক্ষমতা ধ্বংস হয়ে গেছে।’ পরে তিনি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তাঁকে কারাগার থেকে মুক্ত করেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি আসামির কাঠগড়ায় উপস্থিত মীর কাসেমকে শনাক্ত করেন। তাঁকে আসামিপক্ষের জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।