'ডাস্টবিন' হলো মনোরম স্থান
ভালো একটি উদ্যোগে বদলে যেতে পারে সব। তার প্রমাণ দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার দুই বাসিন্দা।
উপজেলার এনায়েতনগর ইউনিয়নের গাবতলীতে প্রবেশমুখে অবস্থিত মেনন কবরস্থান। এই কবরস্থানসংলগ্ন প্রধান ফটকের সামনে্ ফেলা হতো ময়লা-আবর্জনা। অঘোষিত ডাস্টবিনে রূপ নিয়েছিল স্থানটি। পথচারীদের নাকে রুমাল চেপে চলতে হতো। এখন সেই স্থানেই একটি মনোরম পরিবেশের তৈরি হয়েছে।
পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ও বিশ্রামাগার করা হয়েছে সেখানে। স্থাপন করা হয়েছে পত্রিকা রাখার স্ট্যান্ড। গত বুধবার রাতে এলাকার গণমান্য ব্যক্তিরা এগুলোর উদ্বোধন করেন।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল হাছান ও ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ছিদ্দিকুর রহমানের উদ্যোগে এসব সুবিধা বাস্তবায়িত হয়েছে। ময়লা ফেলার ভাগাড়টি এখন সবার প্রিয় স্থানে পরিণত হয়েছে।
অন্যতম উদ্যোক্তা কামরুল হাছান বলেন, এ স্থানটি ছিল মানুষের কাছে ঘৃণার। এখন তা হয়ে গেছে প্রিয় স্থান। একটা সময় মানুষ এখান দিয়ে নাক ছিটকে চলতেন। এখন তাঁদেরই পছন্দের স্থানে পরিণত হয়েছে এটি। তিনি বলেন, একটি মানুষও এসব থেকে উপকৃত হলে তাঁদের উদ্যোগ সার্থক হবে।