'ডিএমপির প্রতিক্রিয়া অজ্ঞতাপ্রসূত'
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘পুলিশের চেইন অব কমান্ড’ সম্পর্কে তাঁর বক্তব্যের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিক্রিয়াকে ‘অজ্ঞতাপ্রসূত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা বাঞ্ছনীয় নয়। ডিএমপি মানবাধিকার কমিশনের এখতিয়ার এবং ক্ষমতা সম্পর্কে যথাযথভাবে অবগত নয়।
গতকাল শনিবার মিজানুর রহমান প্রথম আলোকে এসব কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের গুলিতে আহত এক যুবককে দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ছে। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানায় ডিএমপি। তাতে বলা হয়, আহত যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য। একজন জঙ্গি আসামির বক্তব্যের ভিত্তিতে পুলিশ সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এমন মন্তব্য জঙ্গিবাদকে উসকে দেবে।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, একজন নাগরিকের বিরুদ্ধে হাজারটা অভিযোগ থাকতে পারে, সে জঙ্গিও হতে পারে। কিন্তু তা প্রমাণ হতে হবে বিচার-প্রক্রিয়ার মাধ্যমে আদালতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সিদ্ধান্ত নিতে পারে না। যত অভিযোগই থাকুক, কাউকে বিনা বিচারে গুলি করার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ দেয়নি। এ কথার মানে কিন্তু জঙ্গিবাদ উসকে দেওয়া নয়।
এ প্রসঙ্গে ঝালকাঠির লিমনের উদহারণ টেনে মিজানুর রহমান বলেন, ‘যখন লিমনকে প্রথম ধরা হলো, বলা হলো সে এমন সন্ত্রাসী, যার কাছে যাওয়া উচিত নয়। পরে দেখলাম সে নির্দোষ, নিরীহ একটা ছেলে। তাই অভিযোগ আনার মুহূর্তে আমি বলতে পারব না যে সে অপরাধী, যতক্ষণ না আদালতে অপরাধ প্রমাণ হচ্ছে।’
সাম্প্রতিক সময়ে বিনা বিচারে মানুষকে পুলিশের গুলি করার অভিযোগের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তাদের ঔদ্ধত্য বেড়ে গেছে। বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তারা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। অভিযুক্ত হলেই যে সে দোষী, এমন তো নয়।
মিজানুর রহমান পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। কোনো কিছুর ভুল ব্যাখ্যা, বিকৃত উপস্থাপন করবেন না।’ তিনি বলেন, ‘পুলিশের প্রতিক্রিয়ায় আমার মনে হয় এটি তাদের নিজেদের যে ত্রুটিগুলো আছে, তা শুধরাতে সাহায্য করবে না। এগুলো গভীরভাবে চিন্তা করে তাদের নিজেদের শুধরানোর প্রয়োজন রয়েছে।’
এদিকে গতকাল মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পাঠানো এক বিবৃতিতে তাঁর সম্পর্কে ডিএমপির বক্তব্য ‘অমূলক’ বলে অভিহিত করেছেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আদালতের অনুমতি ছাড়া হাসপাতালে একজন আসামি দেখতে গিয়ে আইন ও শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে ডিএমপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান বিবৃতিতে বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ১২(১)(গ) বলে হাসপাতাল, কারাগার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশুসদন পরিদর্শনের জন্য কমিশনের কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় না। তিনি বলেন, তাঁর বক্তব্যের ভিন্ন অর্থ করার চেষ্টা হয়েছে, যা অনভিপ্রেত।