‘ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে প্রধানমন্ত্রী ডিজিটাল ব্যানার উপহার দিয়েছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সোয়া তিন বছরে চট্টগ্রামের কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে উন্নয়নের সুনির্দিষ্ট ঘোষণা না দিয়ে গালভরা বুলি আউড়েছেন। ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে অসংখ্য ডিজিটাল ব্যানার উপহার দেওয়া ছাড়া প্রধানমন্ত্রী ১৪ দলের সমাবেশে আর কিছুই দিতে পারেননি। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ২৮ মার্চের জনসভার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং নানা ব্যর্থতার মধ্য দিয়ে সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করেছে। সম্মেলনে বলা হয়, ‘মিথ্যা, বানোয়াট, শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের মাধ্যমে খড়কুটো আঁকড়ে ধরে অস্তিত্ব বজায় রাখার যে চেষ্টা চলছে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা এর ‘উৎকৃষ্ট’ প্রমাণ। এ জন্য এই সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা বোধ করছে বিএনপি। আমীর খসরুর দাবি, প্রধানমন্ত্রী সমাবেশের আগে বন্দর এলাকায় যে উড়াল সড়ক উদ্বোধন করেছেন, সেটি বিগত চারদলীয় জোট সরকারের আমলের নেওয়া প্রকল্প। এটি আসলে ছিল বন্দরের টোল সড়কের অংশ। এই উড়াল সেতুটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ, ক্ষতিপূরণ, প্রকল্প অনুমোদন ও শুরু করাসহ যাবতীয় কাজ তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। খসরু দাবি করেন, চট্টগ্রামের যে এলজিইডি ভবন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সেটির নির্মাণকাজ শুরু হয় বিএনপি সরকারের আমলেই। সামান্য কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০০৮ সালের আগস্টে এলজিইডির প্রধান প্রকৌশলীর ভবনটি প্রথমবার উদ্বোধন করা হয়। প্রায় চার বছর পর প্রধানমন্ত্রী আবার ভবনটি উদ্বোধন করে চট্টগ্রামবাসীর সঙ্গে উন্নয়নের নামে প্রতারণা করেছেন বলে খসরু অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী সমাবেশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে কাজ করার কথা বলেছেন। চট্টগ্রামে একজন নির্বাচিত মেয়র থাকা সত্ত্বেও তাঁকে পাশ কাটিয়ে অনির্বাচিত একজন দলীয় লোকের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ করে লুটপাটের ব্যবস্থা করা হয়েছে।