'ডিজিটাল ব্যবস্থা তদবিরকে অকার্যকর করে দিয়েছে'
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, দেশের সরকারি সংস্থাগুলোর কার্যক্রম ডিজিটালাইজ করে ফেলা হয়েছে। ডিজিটাল ব্যবস্থার কারণে এখন তদবির অকার্যকর হয়ে গেছে। দুর্নীতিমুক্ত দেশের জন্য এই ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। এই ব্যবস্থায় কোনো রাজনৈতিক প্রভাব, পেশিশক্তি বা পয়সার দাপট চলে না। আজ শনিবার সকালে চট্টগ্রামে ‘ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন প্রশিক্ষণ মাঠে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সহজে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। সরকারি অফিসগুলো থেকে এ বিষয়ে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। জমির খাজনা পরিশোধ, নামজারি পাওয়ার প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। এসব জায়গায় কারও হস্তক্ষেপের সুযোগ থাকে না।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ।
সরকারের বিভিন্ন সেবা জনগণের সামনে তুলে ধরারই এই মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, চট্টগ্রাম জেলার ব্র্যান্ডিংয়ের জন্য হালদা নদীকে বেছে নেওয়া হয়েছে। এটিই একমাত্র নদী যার উৎপত্তি বাংলাদেশে। এই নদীতে রয়েছে দক্ষিণ এশিয়ার রিভার ডলফিন।
মেলায় মোট ১০৯টি স্টল রয়েছে। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা। মেলায় সরকারি প্রতিষ্ঠানের অনলাইন সেবা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা।