আগামী ১ অক্টোবর থেকে দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল’ পদ্ধতিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এই পদ্ধতি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে এ সিদ্ধান্ত বাতিলের দাবি করে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদের নেতৃত্বে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। সেখানে তাঁরা উল্লেখ করেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ১৯৭৩-এর অধ্যাদেশ পরিপন্থী রেজিস্ট্রার মহোদয়ের বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করছে এবং শিক্ষকদের অ্যাটেনডেন্স চালু করার এহেন উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
একই দাবিতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম। তাঁরাও এ পর্যবেক্ষণ পদ্ধতি বাতিলের দাবি জানান। অন্যথায় ১ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পের অংশ হিসেবে সরকারি অর্থায়নে ডিজিটাল উপস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হচ্ছে। আপত্তিকারী শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘কাউকে শৃঙ্খলিত করা, হয়রানি করার জন্য এ পদ্ধতি করা হচ্ছে না। এটি আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে, দক্ষতা বৃদ্ধি করবে, সেবার মান বৃদ্ধি করবে।’