'ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী নয়' বক্তব্যের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী লেখা গ্রহণযোগ্য নয় বলে যাঁরা মত দেন তাঁরা হীন মানসিকতার অধিকারী বলে মন্তব্য করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ।
সংগঠনের আহ্বায়ক ফজলুল হক মল্লিক ও সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান গতকাল বুধবার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এই কথা বলেন। তাঁরা বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে তর্জন-গর্জন করে নিজের কর্তৃত্ব জাহির করার এমন হীন প্রয়াস কেবল বর্ণবাদী মানসিকতার ব্যক্তিদেরই মানায়। আর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে নামের আগে প্রকৌশলী লেখা যাঁদের কাছে গ্রহণযোগ্য নয়, তাঁদের দিয়ে খেটে খাওয়া মানুষের কল্যাণ হবে না।’ বিবৃতিতে বলা হয়, ‘প্রাতিষ্ঠানিক সনদবিহীন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ বিল গেটস কিংবা স্টিভ জবস বাংলাদেশে জন্মগ্রহণ করলে এ দেশের তথাকথিত গুণী প্রকৌশলীরা হয়তো তাঁদের আবিষ্কারে বাধা দিতেন এবং তাঁদের ডিগ্রি ও সনদ চেয়ে বসতেন’। বিবৃতিতে দেশের প্রকৌশল কর্মব্যবস্থায় সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কারিগরি আমলাদের প্রতি আহ্বান জানানো হয়।
মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত সেমিনারে আলোচকেরা ‘ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী লেখা গ্রহণযোগ্য নয়’ বলে মত দেন।