‘ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারে রায় আসতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কয়েকজন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর বিষয়ে প্রাথমিক রায় আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন মহাজোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।‘যুদ্ধাপরাধ, ধর্ম ও রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভাটির আয়োজন করে ‘লিরো’ নামের একটি সামাজিক সংগঠন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সময় যুদ্ধাপরাধীদের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘অনেকেই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনা করেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া স্বচ্ছ।’ নারীনেত্রী নুরজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুনতাসীর মামুন ও সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল। মুনতাসীর মামুন বলেন, ‘সুশীল সমাজের কিছু লোক বলেন, দুই নেত্রী কেন একসঙ্গে বসছেন না? কিন্তু আমি মনে করি এটা বিএনপি-জামায়াতের পক্ষের কথা। কার সঙ্গে বসব? আমরা একাত্তরে হত্যাকারীদের সঙ্গে আলোচনায় বসব, নাকি শেখ মুজিবের হত্যাকারীদের সঙ্গে বসব?’ সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, ‘আমাদের উচিত ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আগেই সব রাজাকারকে সমূলে নির্মূল করা। তাহলে আজ আমাদের মাঝে এত বিভেদ থাকত না।’