‘ডুয়েল’ ল্যাপটপ দেওয়ার কোনো কর্মসূচি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডুয়েল’ নামের কোনো ল্যাপটপ দেওয়ার কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়ের নেই। তাই কাউকে বা কোনো ব্যাংকে টাকা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।গতকাল সোমবার প্রথম আলোয় ‘ডুয়েল’ ল্যাপটপ প্রদানে ‘অভিনব প্রতারণার ফাঁদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় গতকাল এই সতর্কবার্তা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করে একটি প্রতারক চক্র ‘ডুয়েল’ ল্যাপটপ দেওয়ার নাম করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ই-মেইলে চিঠি পাঠায়। চিঠিতে ‘ডুয়েলের’ অর্ধেক দাম পাঁচ হাজার টাকা ডাচ্-বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংক হিসাব নম্বরে দিতে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া। চিঠি প্রেরণকারী কর্মকর্তার নাম-পদবিও ঠিক নেই। চিঠিটি ভুয়া। এটি প্রতারক চক্রের কাজ। যশোরে তিন শিক্ষকের এমপিও স্থগিত: এদিকে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. পাপ্পু ব্যাপারীকে নির্দয়ভাবে মারধর করার ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান ও অফিস সহকারী মো. আবদুর রায়হানের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) স্থগিত করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিদ্যালয় পরিচালনা পর্ষদকে এই তিনজনকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে তিন কর্মদিবসের মধ্যে তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।১৫ ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাগেরহাটের ষাট গম্বুজ যাওয়ার পথে বাসের একটি সিটকভার হারিয়ে যাওয়ায় অভিযুক্ত তিনজন ওই ছাত্রকে নির্মমভাবে মারধর করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক ও যশোরের জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মহাপরিচালকের নির্দেশে যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন।