'ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন চট্টগ্রাম' পরিদর্শন করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

চট্টগ্রামে ইউএসএইড আয়োজিত উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার ইউএসএইড-এর শুভেচ্ছা দূত হিসেবে তিনি ‘উজ্জীবন সোশ্যাল বিহেভিওরাল চেঞ্জ কমিউনিকেশন’ (এসবিসিসি) এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ‘জন হপ্‌কিন্‌স’ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন।

সে সময় একটি কমিউনিটি ক্লিনিকে পরিবার-পরিকল্পনা নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্থানীয় কিছু স্কুলও পরিদর্শন করেন তিনি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে। একটি প্রীতি ক্রিকেট ম্যাচও খেলেন রিয়াদ।

পরিদর্শন শেষে রিয়াদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। মনে পড়ে গেছে আমার স্কুল জীবনের কথা। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই ইউএসএইডকে এই সুযোগের জন্য। এই সময়টা আমাদের সবার জীবনে খুব জরুরি। এই সময়টাতে শিক্ষকের ভূমিকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমার জীবনে আমার কোচের ভূমিকা। আপনারা নিজেদের শারীরিক ও মানসিক যত্ন নেবেন এবং ইভটিজিং আর বাল্যবিবাহ এই দুটো জিনিসকে না বলবেন।’

বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে যুব ক্ষমতায়নের প্রতি মাহমুদউল্লাহ রিয়াদের উৎসাহ লক্ষ্য করেই ইউএসএইড তাঁকে যুব উন্নয়ন ক্ষেত্রে শুভেচ্ছা দূত ঘোষণা করেছিল ২০১৭ সালে। তখন থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমের সাহায্যে যুব সেবামূলক কাজে জড়িয়েছেন এবং নিজেকে যুক্ত করেছেন হাজারো তরুণ তরুণীর সঙ্গে, বলেছেন যুব উন্নয়ন, পুষ্টিকর খাদ্যাভ্যাস, উচ্চমানের শিক্ষা ইত্যাদির কথা এবং নিরুৎসাহিত করেছেন লিঙ্গ ভিত্তিক সহিংসতা।

১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএইড-এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে এখন পর্যন্ত ৭ বিলিয়ন ডলার প্রদান করে। জীবনের মান বাড়ানোর ক্ষেত্রে তারা প্রদান করে প্রায় ২১২ মিলিয়ন ডলার, যা খাদ্য সুরক্ষা ও অর্থনৈতিক সুবিধায় ব্যবহার হয়। ব্যবহার হয় শিক্ষা ও স্বাস্থ্য, গণতান্ত্রিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও আবহাওয়ার স্থিতিস্থাপকতার ক্ষেত্রেও।