'ড্যাইকা নিয়া আমার গায়ে আগুন দেয় ব্যাডারা'

‘আমারে কাজে জোর কইর্যা লইয়্যা যায় ডেরাইবার বাবুল। লিগুনার সামনে বসাইয়্যা পাশের দুই ব্যাডা আমার গায়ে আগুন দ্যায়। ডেরাইবারও পালাইয়্যা গ্যাসে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এ কথাগুলো বলছিল ১৩ বছরের শিশু মিলন।
গতকাল রোববার সন্ধ্যা সাতটায় রাজধানীর শ্যামলীতে দুর্বৃত্তদের দেওয়া পেট্রলবোমায় গুরুতর আহত হয় লেগুনা পরিবহনের হেলপার মিলন।
বার্ন ইউনিটের পর্যবেক্ষণ কেন্দ্রে শয্যাশায়ী মিলন আজ জানায়, মিরপুর ১ নম্বর থেকে ঝিগাতলা রুটে সে একটি লেগুনা পরিবহনের হেলপারের কাজ করে। বিনিময়ে প্রতিদিন ২০০ টাকা করে পারিশ্রমিক পায়। হরতালে মারামারির আশঙ্কা থাকায় গতকাল সে কাজে যেতে চায়নি। কিন্তু সন্ধ্যার দিকে লেগুনার চালক বাবুল তাদের শিয়া মসজিদ এলাকার বাসা থেকে মিলনকে কাজে নিয়ে যান। তাঁদের গাড়িতে আগে থেকেই দুজন বসা ছিল। এর পর তার শরীরে ও লেগুনায় আগুন দেওয়া হয়।
পেছনের সব সিট খালি থাকায় লেগুনার সামনে মিলনকে বসান চালক বাবুল। কাঁপা কাঁপা কণ্ঠে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিলন বলে, ‘মারামারি লাগে তাই হরতালে কাইল কামে যাই নাই। কিছু হইব না কইয়্যা গাড়ির সামনে বসায়। বাম পাশে দুই ব্যাডা (দুজন) ডান পাশে বাবুল। শ্যামলীতে গাড়ি আইলে দুই ব্যাডা আমার গায়ে আগুন দিয়া পালাইয়া যায়। বাবুলও পালায়।’
বার্ন ইউনিটে মিলনের রিকশাচালক বাবা আসাদুজ্জামান জানান, গতকাল রাত থেকে মিলনের কোনো খবর পাচ্ছিলেন না তিনি। সারারাত ছেলেকে খোঁজাখুঁজির পর টিভি চ্যানেলে সংবাদ দেখে মেডিকেল কলেজে ছেলের আহত অবস্থায় সন্ধান পাওয়া যায়।
আসাদুজ্জামান বলেন, ‘মিলনের মায়েরে অহনও দুর্ঘটনার কথা জানাই নাই। ওর মায়ে বাসার কাম করে। সবাই মেডিকেলে চইল্যা আইলে আমাগো পেট চলব ক্যামনে!’
গতকাল ভর্তি হওয়ার পর বার্ন ইউনিটে মিলনকে চিকিত্সা দেওয়া হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘মিলনের শরীরের পিঠের বাম অংশ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে। পুরো শরীরের ১৭ ভাগ পুড়েছে। মিলন এখনো শঙ্কামুক্ত নয়। শিশুদের ১৪ ভাগ দগ্ধ হলেই তাকে আমরা আশঙ্কাজনক বলি।’