‘ড্রেজারের পানি আমাগো ডুবাইয়া ছাড়ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর মহল্লার ৪৮টি পরিবারের দুই শতাধিক সদস্য পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পাশেই কবি জসীমউদ্দীন সংগ্রহশালার নির্মাণকাজ চলছে। জমি ভরাটের জন্য তিনটি ড্রেজার দিয়ে কুমার নদ থেকে মাটি কাটা হচ্ছে। ওই মাটির সঙ্গে আসা পানি সংগ্রহশালার দক্ষিণ পাশের দেয়ালের পাশ দিয়ে নালা কেটে বের করে দেওয়া হচ্ছে। সেই পানিতে নিমজ্জিত হয়েছে পরিবারগুলোর ঘরবাড়ি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব পরিবারের সদস্যদের মধ্যে অনেকে রিকশা চালানো, দিনমজুরি, বাড়িতে কাজ করা, নৈশপ্রহরী হিসেবে জীবিকা নির্বাহ করেন। রাজবাড়ী-ফরিদপুর রেলপথটি বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা রেললাইনের ওপর বাড়িঘর করে বসাবাস শুরু করে। বছর দেড়েক আগে রেলপথটি আবার প্রতিস্থাপনের কাজ শুরু হলে পরিবারগুলোকে রেলপথের ঢালে বর্তামানে তারা যে জায়গায় আছে, সেখানে নামিয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেললাইনের ঢালে বসবাস করা মানুষগুলো পানি মাড়িয়ে তাদের প্রাত্যহিক কাজ করছে। এর মধ্যে সাবিনা, আয়নাল, সামাদ, মোক্তারসহ আটটি পরিবারের ঘর পানিতে ডুবে গেছে। অন্য ঘরগুলোর মেঝেতে পানি ছুঁই ছুঁই করছে। নিমজ্জিত একটি ঘরের মালিক সাবিনা খাতুন বলেন, ‘এ বছর বৃষ্টি বা বন্যার পানি আমাদের ডুবাইতে পারে নাই। কিন্তু প্রজেক্টের ড্রেজারের পানি আমাগো ডুবাইয়া ছাড়ছে।’ ওই এলাকার সোবাহান শেখ বলেন, ‘গত চার মাস ধরে মেশিন চালু করেছে। প্রথমে আমরা ভেবেছিলাম বন্যার পানি। পরে দেখি, সব প্রজেক্টের (সংগ্রহশালা) ড্রেজারের পানি।’ যমুনা বেগম বলেন, ‘পানিতে ডুবে পড়ায় আমাদের রান্নাবাড়া, খাওয়া-দাওয়া বন্ধ হইয়া গেছে। শিশুদেরও সব সময় চোখে চোখে রাখতে হয়। না জানি, কখন কী অঘটন ঘইটা যায়!’ ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার শামসুল আরিফিন বলেন, ‘ওই ৪৮টি পরিবারের সদস্যরা অত্যন্ত অমানবিক ও দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। তিন মাস আগে আমি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ড্রেজারগুলো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এ কাজ করে আমি প্রশাসন ও ঠিকাদারের তোপের মুখে পড়ি। আমার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি পর্যন্ত দেওয়া হয়।’ ঠিকাদার আবদুস সালাম বলেন, ‘ওই এলাকার জলাবদ্ধতার জন্য আমরা বর্তমানে ড্রেজিং বন্ধ রেখেছি। পানি সরে না যাওয়া পর্যন্ত নতুন করে ড্রেজিং করা হবে না।’ ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী বলেন, ‘মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে নদ খনন করে মাটি ভরাটের কাজ চালানো হচ্ছে। তবে জলাবদ্ধতার যে ঘটনা ঘটেছে, তা আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’