‘ঢাকা বাঁচাতে গণ-আন্দোলন দরকার’
বিশেষজ্ঞরা বলছেন, নগর পরিকল্পনা করতে হবে কৃষিজমি বাঁচিয়ে। আর ঢাকা শহর বাঁচাতে হলে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এ জন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও সুশীল সমাজের সমন্বয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার ‘পেশাগত দক্ষতা ও উন্নয়ন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে প্ল্যানার্স টাওয়ারের নিজস্ব মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, গণসচেতনতা বাড়াতে এবং দেশ ও নগর পরিকল্পনা করতে প্রয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), স্থাপত্য ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব প্ল্যানার্স একযোগে কাজ করতে হবে। এ বিষয়টি প্রধানমন্ত্রীও নিশ্চয়ই স্বাগত জানাবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, ১৯৫৯ সালের মহাপরিকল্পনা অনুসরণ করা হলে আজ রাজধানীর এ অবস্থা হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজউক সময়মতো মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট প্রকাশ না করলে গত এক বছরে ঢাকার নদ-নদী ও খাল-বিল সবই ভরাট হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন। অপর বিশেষ অতিথি বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর এম আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ৫০ বছরের ভিশন বাস্তবায়ন করতে হলে ‘ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান’ ধরে কাজ করতে হবে। বিআইপির উপদেষ্টামণ্ডলীর সদস্য রহমত উল্লাহ বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না হলে দেশে কৃষিজমি থাকবে না। বিআইপির সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন বলেন, নদী-নালা ভরাট বন্ধ করতে হলে এগুলো ভরাট করার যন্ত্র জব্দ করতে হবে। ‘পেশাগত দক্ষতা ও উন্নয়ন কর্মসূচি’ সম্পর্কে অনুষ্ঠানে বলা হয়, দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবীর দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই বিআইপি এই কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির আওতায় পেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে।