'ঢাকা মহানগর শিশু হাসপাতালের আধুনিকায়ন হবে'
পুরান ঢাকার চকবাজারের ঢাকা মহানগর শিশু হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে গতকাল মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় অনেকে বলেন, চকবাজার থেকে হাসপাতালটি অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চকবাজার থেকে এই হাসপাতাল স্থানান্তরের প্রশ্নই আসে না। বরং এক বছর আগে একটি বড় প্রকল্পের মাধ্যমে হাসপাতালটি আধুনিকায়নে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে তা অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন।